0%

BJP alleges that TMC leader practises extortion in the name of trade union of PM Narendra Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ট্রেড ইউনিয়নের জাল চিঠি ও বিল তৈরি করে তোলাবাজি! গুরুতর অভিযোগ উঠল হাওড়ার দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। শ্রমিক সংগঠন ও নেতা-মন্ত্রীদের নাম করে টোটো ও দোকান থেকে তোলা আদায়ের অভিযোগে কুঞ্জবিহারি সান্থালিয়া নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে হাওড়া ও ব্যাঁটরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন হাওড়া জেলা বিজেপির সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য। বিজেপির অভিযোগ, দলের ট্রেড ইউনিয়নের নামে বিল ছাপিয়ে টোটো চালক ও দোকানদারদের থেকে টাকা তুলছে ওই তৃণমূল নেতা। বিজেপির নেতাদের অভিযোগ রাজ্যে পালাবদলের পর বিজেপির ট্রেড ইউনিয়ন ও নেতা-মন্ত্রীদের নামে জাল চিঠি ও বিল তৈরি করে তোলাবাজি করছে ওই তৃণমূল নেতা।

এ প্রসঙ্গে বিজেপির জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বললেন, ‘‘বিজেপির কোনও শ্রমিক সংগঠন নেই। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একটি শ্রমিক সংগঠন আছে ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস। এর বাইরে বিজেপি ও নরেন্দ্র মোদির নাম করে যদি কেউ ট্রেড ইউনিয়ন তৈরি করেন ও টাকা তোলেন, তাহলে তিনি মানুষের সঙ্গে জালিয়াতি করছেন। যাঁরা এ কাজ করছেন তাঁদের বিরুদ্ধেই আমরা থানায় অভিযোগ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কুঞ্জবিহারি সান্থালিয়ার বিরুদ্ধেও আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।’’

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কুঞ্জবিহারি সান্থালিয়া। তাঁর সাফাই, ‘‘আমি কারও কাছ থেকে এক টাকা নিয়েছি – এটা প্রমাণ করতে পারলে, যাঁরা অভিযোগ করছেন তাঁদের আমি এক লক্ষ টাকা দিয়ে দেব। কারও কাছ থেকে টাকা নেওয়া তো দূর, আমি ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠানকে সামাজিক কাজে প্রচুর আর্থিক সাহায্য করি। আমাদের অনেক পারিবারিক ব্যবসা রয়েছে। আমাদের তোলাবাজি করে উপার্জনের দরকার পড়ে না। আসলে একটি সংস্থার সাহায্যে আমি কিছু শ্রমিকদের কাছ থেকে মাসে ১০টাকা নিয়ে তাঁদের ৫০ হাজার টাকার মেডিক্লেম করে দিচ্ছি। এটাকেই ওরা বলছে আমি তোলাবাজি করছি। আমার স্ত্রী তৃণমূল করত। সেই প্রতিহিংসা থেকেই এখন পালাবদলের পর আমার বিরুদ্ধে মিথ্যে তোলাবাজির অভিযোগ আনা হচ্ছে।’’

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker