Aadhaar Update: আধার সেন্টারে গিয়ে আর দিতে হবে না লাইন, আগের থেকে করতে হবে এই কাজ

নয়া দিল্লি : আধার কার্ড এখন অনলাইনেই আপডেট করা যায়। তবে, কিছু পরিষেবার ক্ষেত্রে আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়ে। আবার অনেকেই অনলাইনের পরিবর্তে অফলাইনে অর্থাৎ সেন্টারে গিয়ে আধার আপডেট করতে স্বচ্ছন্দবোধ করেন। এদিকে, আধার সেন্টারে গেলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। তবে, এবার থেকে সেই ঝামেলাও আর থাকছে না। আধার কার্ড (Aadhaar Card) তৈরি করতে বা নাম, ঠিকানা, মোবাইল নম্বর কিংবা বায়োমেট্রিক আপডেট করতে গেলে এবার থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধা থাকবে। ফলে আগে থেকেই সময় বুক করে আধার সেবা কেন্দ্রে গেলে আর লাইনে দাঁড়াতে হবে না। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে এবং দেশের সমস্ত UIDAI পরিচালিত আধার সেবা কেন্দ্রে উপলব্ধ রয়েছে।
অনলাইন অ্যাপয়েন্টমেন্টে মিলবে দ্রুত পরিষেবা
UIDAI-এর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মাধ্যমে যে কেউ নতুন আধার কার্ড তৈরি বা আধারের তথ্য আপডেট করার জন্য আগে থেকেই নিজের সুবিধামতো দিন ও সময় বেছে নিতে পারবেন। নির্ধারিত সময়ে আধার সেবা কেন্দ্রে পৌঁছলে টোকেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত পরিষেবা মিলবে।
নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যের জন্যও এই অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। একজন ব্যক্তি মাসে সর্বাধিক দু’টি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এর জন্য আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক নয়।
আধার সেন্টারে কী কী কাজ করা যায়?
আধার সেন্টারে নতুন আধার কার্ড তৈরি করা ছাড়াও নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ই-মেল আইডি আপডেট করা যায়। এছাড়া ছবি, ফিঙ্গার প্রিন্ট এবং আইরিস স্ক্যানের মতো বায়োমেট্রিক তথ্যও আপডেট করা যায়। এছাড়া আধার ডাউনলোড ও রঙিন প্রিন্ট নেওয়া, পরিচয় ও ঠিকানার নথি আপডেট করার সুবিধাও পাওয়া যায়।
আধুনিক আধার সেন্টার
দেশের বিভিন্ন জেলায় আধুনিক আধার সেন্টার চালু করেছে UIDAI। এই কেন্দ্রগুলি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। সব আধার সেন্টারে সপ্তাহের সাত দিনই সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া গ্রাহক এবং ওয়াক-ইন গ্রাহকদের জন্য আলাদা টোকেন ব্যবস্থা রয়েছে। প্রতিটি কেন্দ্রে অপারেশন ম্যানেজার এবং সেন্টার ম্যানেজার উপস্থিত থাকেন, যাতে কোনও সমস্যার দ্রুত সমাধান করা যায়।
কোন পরিষেবা বিনামূল্যে, কোথায় কত খরচ?
UIDAI-এর তথ্য অনুযায়ী—
নতুন আধার কার্ড তৈরি সম্পূর্ণ বিনামূল্যে।
নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে হলেও অন্যান্য ক্ষেত্রে ১২৫ টাকা দিতে হবে।
শুধু নাম, ঠিকানা, মোবাইল নম্বর বা অন্যান্য ব্যক্তিগত তথ্য (Demographic Details) আপডেট করতে ৭৫ টাকা ফি দিতে হবে।
আধার সেন্টারে নথি আপডেট করার জন্যও ৭৫ টাকা চার্জ নেওয়া হয়।
তবে MyAadhaar পোর্টালের মাধ্যমে নথি আপডেট করলে পরের বছর ১৪ জুন পর্যন্ত কোনও ফি লাগবে না।
আধার ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিতে খরচ হবে ৪০ টাকা।



