দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির দাপট, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপ পশ্চিম দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমেছে। তবে বর্ষাকালীন অক্ষরেখা সক্রিয় থাকায় রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বুধবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ হয়ে মহারাষ্ট্রে অবস্থান করা নিম্নচাপের মধ্য দিয়ে ওড়িশা পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার জেরেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
– বিজ্ঞাপন –
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
আগামী সপ্তাহের প্রায় প্রতিদিনই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
এ ছাড়া মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত বড় কোনও সতর্কতা নেই
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও সম্পূর্ণ বিরতি মিলছে না। আগামী কয়েক দিন কলকাতা-সহ অধিকাংশ জেলাতেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
অন্যদিকে, সমুদ্র আপাতত স্বাভাবিক থাকায় মৎস্যজীবীদের জন্য নতুন করে কোনও সতর্কতা জারি করা হয়নি।
কলকাতার তাপমাত্রা
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি।
আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের প্রভাব ক্রমশ দুর্বল হলেও বর্ষাকালীন অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গেই বৃষ্টির তীব্রতা অনেক বেশি থাকবে।



