বুধবার ছত্রপতি সম্ভাজিনগরে ককরোচ জনতা পার্টির বৈঠক, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত – সবদিক

খবর অনলাইন ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) মূল নেতৃত্ব আগামী ৫ আগস্ট মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে। সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে রবিবার সংগঠন সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-র বাসভবনেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংগঠনের সূত্র জানিয়েছে, গত মাসে দিল্লির যন্তর মন্তরে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টানা এক মাসের আন্দোলন শেষ হওয়ার পর সিজেপি-র কর্মী ও স্বেচ্ছাসেবকদের কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটানোর পরামর্শ দেওয়া হয়েছিল।
– বিজ্ঞাপন –
এ ছাড়াও, সিজেপি-র মূল সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তাঁরা সংগঠনের স্বেচ্ছাসেবক ও পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত ও পরামর্শ সংগ্রহ করেন এবং সেই সব ভাবনা নিয়ে ৫ আগস্টের বৈঠকে উপস্থিত হন।
সূত্রের দাবি, বৈঠক শেষ হওয়ার পর একই দিনে একটি সাংবাদিক বৈঠক করবে ককরোচ জনতা পার্টি। সেখানে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি এবং পরবর্তী আন্দোলনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
এ দিকে, বৈঠকের আগে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তাঁর বাসভবনে বিভিন্ন পড়ুয়া, স্থানীয় বাসিন্দা এবং পার্শ্ববর্তী জেলার আগত দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি, তিনি শিশুদের সঙ্গে ‘ফ্রেন্ডশিপ ডে’ উদ্যাপন করেন।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া আন্দোলন দেশ জুড়ে ‘জেন জি’ প্রজন্মের তরুণদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল। এর জেরে গত সপ্তাহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।



