0%

বীরভূমের পর এবার মালদহে ! থরে থরে সাজানো কোটি কোটি টাকার বান্ডিল, সংখ্যাটা চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক : বীরভূমে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনাকে ঘিরে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখনই মালদহে (Malda) আরও এক চাঞ্চল্যকর অভিযানে সামনে এল কোটি টাকার লেনদেনের সম্ভাব্য যোগসূত্র। মালদহের মঙ্গলবাড়ি এলাকায় একটি আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা এবং নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মালদায় (Malda) উদ্ধার কোটি কোটি টাকা

ওই ফ্ল্যাটটিতে পৌঁছে তদন্তকারীরা বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান পান। ঘরের আলমারি খুলতেই একের পর এক টাকার বান্ডিল দেখতে পান আধিকারিকরা। এত বিপুল অর্থ উদ্ধার হওয়ায়,‌তা গোনার জন্য বিশেষ মেশিনের ব্যবস্থা করা হয়। প্রাথমিক হিসেবে রবিবার রাত পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকা গণনা করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে সোনার সামগ্রীও। তবে তার মোট পরিমাণ এখনও জানানো হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মালদহ থানা, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে ওই অভিযানে অংশ নেয়। তদন্তকারীদের দাবি, এই অভিযানের সূত্রপাত দক্ষিণ দিনাজপুরে মাদকবিরোধী এক অভিযানের পর। উল্লেখ্য, গত ৫ জুলাই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার এবং চারজনকে গ্রেফতারের পর ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকেই মালদহের এই ঠিকানার সন্ধান মেলে। এরপরই যৌথ বাহিনী অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটির মালিক দিলীপ সাহা। স্থানীয়ভাবে তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তবে তাঁর দাবি, ফ্ল্যাটটি ভাড়া দেওয়া ছিল এবং সেখানে বসবাসকারী ব্যক্তি কী ধরনের কাজকর্ম করতেন, সে সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। তদন্তে উঠে এসেছে, ওই ফ্ল্যাটে পিন্টু সরকার নামে এক ব্যক্তি ভাড়াটে হিসেবে থাকতেন।

Bundles worth crores of rupees  found in malda

আরও পড়ুন : দিল্লি-হাওড়া করিডরে প্রতিদিন চলবে আরও ৪০টি ট্রেন, ভারতীয় রেলের বড় ঘোষণা

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অর্থের সঙ্গে নিষিদ্ধ কাফ সিরাপের অবৈধ কারবারের যোগ থাকতে পারে। এই অর্থ মাদক পাচার চক্রের লেনদেনে ব্যবহৃত হত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের আশা, ধৃতদের জেরা এবং উদ্ধার হওয়া নথি ও সামগ্রী বিশ্লেষণ করে এই চক্রের বিস্তৃতি ও নেপথ্যের মূল কারবারিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker