বিদ্যুৎ বিল নিয়ে নাজেহাল? এবার হাল নিয়ে এলো DigiLocker, মিলবে ডিজিটাল কপি, জানুন কীভাবে ব্যবহার করবেন – সবদিক

বিদ্যুৎ বিলের কাগজ হারিয়ে যাওয়া বা প্রয়োজনে খুঁজে না পাওয়ার সমস্যায় এবার বড় স্বস্তি মিলতে চলেছে। কেন্দ্র সরকারের ডিজিটাল নথি সংরক্ষণ প্ল্যাটফর্ম DigiLocker-এ যুক্ত হয়েছে দেশের ৬৮টি বিদ্যুৎ বণ্টন সংস্থা (DISCOM) এবং বিদ্যুৎ দফতর। এর ফলে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রাহকেরা এখন মোবাইল বা কম্পিউটার থেকেই নিজের যাচাইকৃত (Verified) বিদ্যুৎ বিল সহজেই দেখতে ও সংরক্ষণ করতে পারবেন।
সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে চালু হওয়া এই পরিষেবার ফলে আর কাগজের বিল সংরক্ষণ বা পুরনো ই-মেল ঘেঁটে বিল খোঁজার প্রয়োজন পড়বে না।
– বিজ্ঞাপন –
কী বদল হল?
DigiLocker-এ যুক্ত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার গ্রাহকেরা এখন সরাসরি প্ল্যাটফর্ম থেকেই Issuer Verified Electricity Bill সংগ্রহ করতে পারবেন। একবার অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ করলেই সর্বশেষ বিদ্যুৎ বিল ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে।
কী কী সুবিধা মিলবে?
- যেকোনও সময়, যেকোনও জায়গা থেকে বিদ্যুৎ বিল দেখা যাবে।
- কাগজের বিল সংরক্ষণের ঝামেলা থাকবে না।
- প্রয়োজনের সময় মুহূর্তের মধ্যে যাচাইকৃত বিল ডাউনলোড করা যাবে।
- ঋণের আবেদন, ঠিকানার প্রমাণ (Address Proof) বা সরকারি নথিপত্রের কাজে সহজেই ব্যবহার করা যাবে।
- সরকার-সমর্থিত নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে নথি সংরক্ষিত থাকবে।
কীভাবে DigiLocker থেকে বিদ্যুৎ বিল দেখবেন?
যদি আপনার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা DigiLocker-এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে—
- DigiLocker অ্যাকাউন্টে লগ-ইন করুন।
- Issued Documents বিভাগে যান।
- নিজের বিদ্যুৎ বণ্টন সংস্থার নাম নির্বাচন করুন।
- প্রয়োজনীয় Consumer Number বা অন্যান্য তথ্য লিখুন।
- Fetch অপশনে ক্লিক করলেই যাচাইকৃত বিদ্যুৎ বিল দেখা ও সংরক্ষণ করা যাবে।
শুধু বিদ্যুৎ বিলই নয়…
DigiLocker-এ আগে থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি সংরক্ষণের সুবিধা রয়েছে। যেমন—
- আধার (Aadhaar)
- ড্রাইভিং লাইসেন্স
- গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC)
- প্যান-সংক্রান্ত নথি
- শিক্ষাগত শংসাপত্র ও মার্কশিট
- রেশন কার্ড
- বিভিন্ন সরকারি সার্টিফিকেট
ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ
সরকারের মতে, DigiLocker-এ বিদ্যুৎ বিল যুক্ত হওয়ায় সাধারণ মানুষের নথি ব্যবস্থাপনা আরও সহজ হবে। একই সঙ্গে কাগজের ব্যবহার কমবে এবং নিরাপদ ডিজিটাল নথি ব্যবহারের প্রবণতাও বাড়বে। ফলে সরকারি পরিষেবা গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক কাজে নাগরিকদের সুবিধা আরও বাড়বে।



