0%

নোংরা কাপড়ে মুখ ঢাকল মহাত্মার! জাতির জনকের অবমাননায় মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

সবদিক নিউজ: দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রতিষ্ঠিত জাতির জনক মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তির চরম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। বুধবার সকালে কাটোয়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা স্টেশনবাজার চৌরাস্তার মোড়ে দেখা যায়, গান্ধীজির মূর্তির মুখটি একটি কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে এবং তাঁর হাতে থাকা লাঠিতে জড়িয়ে দেওয়া হয়েছে নোংরা কাপড়! ব্যস্ততম রাস্তায় জাতির জনকের এই অবমাননাকর ছবি ধরা পড়তেই মুহূর্তের মধ্যে তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (CM Suvendu Adhikari) চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অন্যদিকে, খবর পেয়েই ঘটনার তদন্তে নেমেছে কাটোয়া থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৯৮ সালে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে কাটোয়া পুরসভার উদ্যোগে এই বিশেষ মূর্তিটি স্থাপন করা হয়েছিল। ডান্ডি অভিযানের আদলে তৈরি এই মূর্তিতে প্রতি বছরই গান্ধীজির জন্মজয়ন্তী-সহ বিভিন্ন জাতীয় দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম দেখতে পান যে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কেউ বা কারা এই নোংরা কাণ্ড ঘটিয়েছে। ঘটনাটি নজরে আসতেই স্টেশনবাজার এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এই ঘটনা প্রসঙ্গে কাটোয়া পুরসভার কংগ্রেস কাউন্সিলর রঞ্জিত চট্টোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কংগ্রেস তো মহাত্মা গান্ধীকে পরম সম্মান করেই, পাশাপাশি দেশের বর্তমান সরকারও তাঁর চশমা ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পে ব্যবহার করছে। তিনি সারা বিশ্বে সমাদৃত। যদি কোনও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই কাজ করে থাকে তবে আলাদা বিষয়, কিন্তু সুস্থ মস্তিষ্কে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করলে তা অত্যন্ত জঘন্য অপরাধ। পুলিশের উচিত সিসিটিভি দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়া।”

ঘটনাটি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। চিঠিতে তিনি লিখেছেন, “এটি কেবল গান্ধীজির প্রতি চরম অবমাননা নয়, অত্যন্ত মর্যাদাহানিকর ঘটনা। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, আপনিও মুখ্যমন্ত্রী হিসেবে এই ধরণের ঘৃণ্য কাজকে কখনওই সমর্থন করবেন না।” তাই এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা। এদিকে কাটোয়া থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে কাপড়গুলি সরিয়ে নেওয়া হয়েছে। ওই চত্বরের সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker