0%

‘বিজেপি জয়ের অন্যতম কারিগর’, মিঠুনকে প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের ইঙ্গিত যেন আরও স্পষ্ট হল শনিবার সকালে। শপথ গ্রহণের পর প্রথমবার আলাদা করে বিজেপির বর্ষীয়ান নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর নিউ টাউনের বাসভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টার বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা-একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে ।

মিঠুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari)

শনিবার শুভেন্দুর প্রথম কর্মসূচি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক। আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচনের আগে জেলার প্রশাসনিক প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতেই আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তবে ব্যস্ত সূচির মাঝেও দিনের শুরুতে তিনি পৌঁছে যান মিঠুনের বাড়িতে। শুভেন্দু মিঠুন বৈঠকের পর একে অপরকে প্রকাশ্যে প্রশংসায় ভরিয়ে দেন দুই নেতা।

বৈঠক শেষে শুভেন্দু বলেন, “মিঠুনদা এ রাজ্যে বিজেপির জয়ের অন্যতম কারিগর। আমাকে দল মুখ্যমন্ত্রী করেছে। তার পিছনেও ওঁর হাত রয়েছে। ছ’বছর ধরে রাজ্যে পরিবর্তন আনার জন্য মিঠুনদা অনেক পরিশ্রম করেছেন। নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। উনি আমাকে জানিয়েছিলেন, আমার সঙ্গে দেখা করতে যেতে চান। আমি বলেছি, আপনি আসবেন কেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।” শুভেন্দুর এই মন্তব্যে আবেগপ্রবণ হয়ে তাঁকে জড়িয়েও ধরেন মিঠুন। মুখ্যমন্ত্রী আরও বলেন, “মিঠুনদার জনপ্রিয়তা বিজেপির গণ্ডিতে আবদ্ধ নেই। তার বাইরেও রয়েছে। আমি নিজে অষ্টম শ্রেণির পর আর সিনেমা দেখিনি। তবে মিঠুনদা অন্য জায়গায়। তিনি মহাগুরু। আমি ওঁর আশীর্বাদ নিতে এসেছি।”

পাল্টা শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেন মিঠুনও। তাঁর কথায়, “এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে এ কথা বলছি। শপথ নেওয়ার পর থেকে উনি কাজ করে চলেছেন। আমরা গর্বিত ওঁর জন্য। ওঁর পিছনেই রয়েছি।” বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক জেলায় ঘুরে বিজেপির প্রচারে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন মিঠুন। সেই সময় বিভিন্ন সভা থেকে সাধারণ মানুষের কাছে একাধিক প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। শুভেন্দু জানান, সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে এ দিনের বৈঠকে।

CM Suvendu Adhikari meets Mithun Chakraborty and Praises him

আরও পড়ুন : NEET প্রশ্নফাঁসের ‘মাস্টারমাইন্ড’ কেমিস্ট্রির অধ্যাপক! সিবিআই জেরায় সামনে বিস্ফোরক তথ্য

শুভেন্দুকে পাশে নিয়ে মিঠুন বলেন, “যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছি, সব পূরণ করব। মুখ্যমন্ত্রী আমাকে যে কাজ করতে বলেছেন, তা অনুসরণ করব।” রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, বরং আগামী দিনের রাজনৈতিক রূপরেখারও স্পষ্ট বার্তা বহন করছে। জেলা সফরের আগে দুই নেতার এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker