‘স্যাটাভাঙা’ মন্তব্যের জের! রবিবার ফের শক্তিপুর থানায় হাজিরা দিলেন বিধায়ক হুমায়ুন কবীর

AK Bangla Desk: ‘স্যাটাভাঙা’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় ফের শক্তিপুর থানায় হাজিরা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ তিনি থানায় পৌঁছন। এই নিয়ে দ্বিতীয়বার শক্তিপুর থানায় হাজিরা দিলেন তিনি। এর আগে গত ৩ জুলাই শক্তিপুর থানার তরফে হুমায়ুনকে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। তবে সেদিন তিনি থানায় উপস্থিত হননি। পরদিন রেজিনগর থানায় তাঁকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ।থানায় প্রবেশের আগে হুমায়ুন দাবি করেছিলেন, তাঁকে গ্রেপ্তার করা হলে আরও ১০০ থেকে ১২০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন এবং সেই তালিকাও প্রস্তুত রয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেও তদন্তকারীরা তাঁর বক্তব্যে সন্তুষ্ট হননি বলে পুলিশ সূত্রে জানা যায়।
এর পর ১৪ জুলাই ফের তাঁকে রেজিনগর থানায় ডেকে পাঠানো হয়। সেদিনও চার ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন হুমায়ুন। থানা থেকে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি পুলিশকে ‘দলদাস’ বলে কটাক্ষ করেছিলেন। সেই দিনই শক্তিপুর থানার পক্ষ থেকে তাঁর কাছে দ্বিতীয় নোটিস পাঠানো হয়। সেই নোটিসের ভিত্তিতেই রবিবার থানায় হাজির হন এজেইউপি বিধায়ক। গত ২৬ জুন রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির একটি সভা থেকে বিজেপিকে উদ্দেশ করে হুমায়ুন উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন বলে অভিযোগ। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
এর পর হুমায়ুনের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় পৃথক অভিযোগ দায়ের হয়। সেই মামলাগুলির তদন্তেই তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এই মামলায় রেজিনগরের ওই সভার আয়োজক আমজনতা উন্নয়ন পার্টির তিন নেতাকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। হুমায়ুনের বক্তব্য, সভায় তাঁর মন্তব্যের প্রেক্ষাপট এবং অন্য কারও ভূমিকা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



