রাম মন্দিরে দান চুরি রুখতে কড়া পদক্ষেপ! কর্মীদের জন্য তৈরি হচ্ছে ‘পকেটহীন’ বিশেষ পোশাক

সবদিক নিউজ: অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি সামনে আসতেই তদন্তে নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথের নির্দেশে ইতিমধ্যেই গঠন করা হয়েছে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT। এবার চুরি রুখতে মন্দির ট্রাস্টকে একাধিক কড়া পরামর্শ দিল সেই তদন্তকারী দল। সূত্রের খবর, SIT-এর পরামর্শ অনুযায়ী, মন্দিরে দান সংগ্রহ এবং টাকা গণনার দায়িত্বে থাকা কর্মীদের জন্য বিশেষ পোশাক চালু করার কথা বলা হয়েছে। সেই পোশাকে কোনও পকেট থাকবে না। তদন্তকারীদের মতে, পকেটহীন পোশাক থাকলে দানের টাকা লোপাটের সম্ভাবনা অনেকটাই কমবে। শুধু তাই নয়, টাকা গণনার পর সংশ্লিষ্ট কর্মীদের তল্লাশিও করা হবে বলে জানা গিয়েছে।
চুরি ঠেকাতে আরও কয়েকটি বড় পদক্ষেপের কথাও বলা হয়েছে। দানবাক্স থেকে টাকা বের করা থেকে শুরু করে তা ব্যাঙ্কে পৌঁছে দেওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ডিংয়ের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ ওঠার পর টাকা গণনার কাজে যুক্ত পুরো দল বদলে দেওয়া হয়েছে। মন্দির থেকে ব্যাঙ্কে টাকা নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা দলও পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে স্বেচ্ছাসেবকদের দায়িত্বও নতুন করে বণ্টন করা হয়েছে। রাম মন্দিরের দানের টাকা গায়েব হওয়ার অভিযোগ প্রথমে প্রকাশ্যে আনেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোশাল মিডিয়ায় তিনি দাবি করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা রামভক্তদের দান করা কোটি কোটি টাকা উধাও হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁর অভিযোগ, এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য লজ্জাজনক এবং অস্বস্তিকর। পাশাপাশি, তিনি আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবিও জানান। প্রাথমিকভাবে মন্দির ট্রাস্টের তরফে টাকা চুরির অভিযোগ অস্বীকার করা হয়েছিল। তবে পরে অভ্যন্তরীণ তদন্তে কিছু সন্দেহজনক লেনদেনের হদিশ মেলে বলে সূত্রের দাবি। এরপরই ট্রাস্টের তরফে উত্তরপ্রদেশ সরকারের কাছে SIT গঠনের আবেদন জানানো হয়। সেই চিঠির ভিত্তিতেই বিশেষ তদন্তকারী দল গঠন করে যোগী সরকার।

এই ঘটনায় মন্দিরের দুই কর্মচারীকে অযোধ্যা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন SIT-এর সদস্যরা। প্রাথমিক সূত্রের দাবি, ওই দুই কর্মচারীর কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা নগদ এবং সোনার সামগ্রী উদ্ধার হয়েছে। এদিকে রাম মন্দিরে দানের টাকা চুরির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত। তাঁর উদ্বেগ একদিকে যেমন ভক্তদের দানের টাকা নিয়ে, তেমনই অন্যদিকে মন্দিরের গোটা ব্যবস্থাপনা নিয়েও।



