0%

মাঝআকাশে হুলুস্থুল! হঠাৎ ৩০০ ফুট নিচে নামল এয়ার ইন্ডিয়া, মারাত্মক ঝাঁকুনিতে আহত ১৫

AK Bangla Desk: ফের মাঝআকাশে বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। মঙ্গলবার ফুকেট থেকে দিল্লিগামী একটি উড়ান অবতরণের কিছুক্ষণ আগে প্রবল ঝাঁকুনির মুখে পড়ে। ঘটনায় যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এআই২৩৭৯ উড়ানটি থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি আসছিল। দিল্লি বিমানবন্দরে নামার কিছুক্ষণ আগে আচমকাই অস্থির বায়ুপ্রবাহের মধ্যে পড়ে বিমানটি। একাধিক সংবাদমাধ্যমের দাবি, এর জেরে বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। সেই সময় কেবিনের ভিতরে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।

ঘটনায় ১১ জন যাত্রী এবং চারজন বিমানকর্মী সামান্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে বিপত্তির পরও বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। সমস্ত যাত্রী ও বিমানকর্মীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের কারও আঘাত গুরুতর নয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের বিমানবন্দরের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিমানসংস্থার তরফে বলা হয়েছে, “অল্প কয়েকজন যাত্রী এবং বিমানকর্মী সামান্য আঘাত পেয়েছেন। সতর্কতার জন্য তাঁদের বিমানবন্দরের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিমানের ভিতরের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেগুলিতে কেবিনের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হতে দেখা গিয়েছে। কোথাও কোথাও ফাটলও চোখে পড়েছে। তীব্র ঝাঁকুনির কারণেই কেবিনের ভিতরে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী ধরনের বায়ুপ্রবাহের কারণে বিমানটি এতটা ঝাঁকুনির মুখে পড়েছিল এবং কেবিনের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker