0%

বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩

মাত্র ৩ মাস আগেই তাঁর হাতে উঠেছে বিশ্বসেরার খেতাব। তাঁর নেতৃত্বেই প্রথম দল হিসাবে পরপর দুবার টি-২০ ক্রিকেটে বিশ্বজয়ের গরিমা অর্জন করছে টিম ইন্ডিয়া। অথচ ৩ মাসের মাথায় সেই সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ার অপ্রয়োজনীয় হয়ে উঠলেন। তাঁকে আর অধিনায়ক রাখা হবে না, একপ্রকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই। বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক সেখানেই ওই সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে। বৃহস্পতিবারই সেটা সূর্যকে জানিয়ে দেওয়া হবে।

আসলে সূর্যর ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় বোর্ডকর্তারা। ব্যাট হাতে একেবারেই ভালো খেলছেন না ভারতের টি-২০ অধিনায়ক। দু’চার ম্যাচ নয়, গত প্রায় দেড় বছর ধরেই রানের খরা ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাটে। টি-২০ বিশ্বকাপেও ব্যাট হাতে ঝুলিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এমনকী আইপিএলেও তাঁর ব্যাট কথা বলেনি। বোর্ড সূত্রের খবর, সূর্যর অধিনায়কত্ব নিয়ে কোনও সমস্যা ম্যানেজমেন্টের নেই। যাবতীয় সমস্যা তাঁর ব্যাটিং নিয়ে। এদিকে আইপিএলে একাধিক ব্যাটার দেখিয়েছেন, তাঁরা টিম ইন্ডিয়ায় খেলার দাবিদার। ফলে সূর্যর দলে থাকা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

তাছাড়া, সূর্য এখন ৩৬ ছুঁইছুঁই। অলিম্পিক পর্যন্ত তাঁর বয়স হবে ৩৭ বছর। ততদিন তাঁকে দলে ধরে রাখার কোনও মানেই হয় না বলে মনে করছেন নির্বাচকরা। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে যে সিরিজ টিম ইন্ডিয়া খেলতে যাবে সেখানেই নয়া অধিনায়ক পেয়ে যেতে পারে টিম ইন্ডিয়া। দু’একদিনের মধ্যেই সেই সিরিজের জন্য দল ঘোষণা হবে। নতুন করে দলে ঢোকার দাবিদার যারা তাঁদের মধ্যে সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে আরসিবি অধিনায়ক রজত পাটিদারের নাম। আলোচনা হবে শুভমান গিলের টি-২০ দলে প্রত্যাবর্তন নিয়েও। সূর্য বাদ গেলে শ্রেয়স আইয়ারও দলে ফিরতে চলেছেন, সেটাও ধরে নেওয়া যায়।

এখন প্রশ্ন হল, সূর্য বাদ গেলে অধিনায়ক হিসাবে কাকে বাছবে বিসিসিআই। বোর্ড সূত্রের খবর জনা তিনেকের নাম নিয়ে আলোচনা হচ্ছে। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সেই নামগুলি নিয়ে আলোচনা হবে। এই ৩ জন হলেন তিলক বর্মা, শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন। সূত্রের খবর, তিলককে ভবিষ্যৎ ভেবে এখন থেকে তুলে আনার পক্ষে বোর্ডের একাংশ। আবার কেউ কেউ শ্রেয়সের নাম ভাবছেন। তবে শ্রেয়সের বিপক্ষে যেটা সেটা হল কোচ গম্ভীরের তাঁকে অধিনায়ক করায় আপত্তি আছে। তাছাড়া তিনি টি-২০ দলে নিয়মিত নন। অধিনায়ক হওয়ার দৌড়ে এখন যিনি সবচেয়ে এগিয়ে তাঁর নাম সঞ্জু স্যামসন। যাকে গম্ভীর পছন্দও করেন। ওপেনার হিসাবে দলে জায়গাও নিশ্চিত। যা সিদ্ধান্ত হওয়ার দু-একদিনের মধ্যেই হয়ে যাবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker