0%

সারাদিন ধরে চোখ লাল হয়ে থাকে? অবহেলা করলেই বিপদ

চোখ লাল হয়ে যাওয়া, শুষ্ক লাগা বা সকালে ঘুম থেকে উঠে চোখ ফুলে থাকা- এই সমস্যায় ভোগেন কম বেশি সকলেই। বেশিরভাগ সময় আমরা ধরে নিই, এটা হয়ত কম ঘুম, বেশি মোবাইল ব্যবহার বা ক্লান্তির ফল। কিন্তু চিকিৎসকরা বলছেন, সব ক্ষেত্রে বিষয়টা স্বাভাবিক নয়। অনেক সময় চোখের এই পরিবর্তনগুলো শরীরের অন্য কোনও সমস্যার ইঙ্গিতও হতে পারে, যেগুলো অবহেলা করা একেবারেই উচিত নয়।

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চোখের উপরিভাগের সূক্ষ্ম রক্তনালি গুলো প্রসারিত হলে চোখ লাল দেখায়। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, ধুলো-ধোঁয়া, অ্যালার্জি বা ঘুমের অভাবের কারণে এটি হতে পারে। এই ধরনের লালভাব সাধারণত কিছুক্ষণ চোখকে বিশ্রাম দিলে কমে যায়। তবে চিকিৎসকদের মতে, যদি চোখ লাল হওয়ার সঙ্গে ব্যথা, দৃষ্টি ঝাপসা হওয়া বা চোখ থেকে পিচুটি বের হয়, তাহলে তা সংক্রমণ বা অন্য কোনও জটিল সমস্যার লক্ষণ হতে পারে। সে ক্ষেত্রে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

শুষ্ক চোখের সমস্যা এখন ঘরে ঘরে। শুষ্ক চোখ তখনই হয় যখন চোখ পর্যাপ্ত জল তৈরি করতে পারে না বা জল খুব দ্রুত শুকিয়ে যায়। আজকের ডিজিটাল যুগে দীর্ঘ সময় মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহারের ফলে আমরা স্বাভাবিকের তুলনায় কম পলক ফেলি, যার ফলেই চোখ শুষ্ক হয়ে পড়ে। সাময়িক শুষ্কতা খুব বড় সমস্যা নয়, কিন্তু যদি দীর্ঘদিন ধরে চোখে জ্বালা, ঝাপসা দেখার সমস্যা থাকে, তাহলে তা দীর্ঘস্থায়ী ড্রাই আই সিনড্রোমের এর লক্ষণ হওয়ার সম্ভাবনা বেশি।

চোখ ফুলে যাওয়া বা পাফি আইসও অনেকের কাছে পরিচিত সমস্যা। All About Vision এর রিপোর্ট অনুযায়ী, কম ঘুম, অতিরিক্ত নুন খাওয়া বা অ্যালার্জির কারণে চোখের চারপাশে তরল জমে এই ফোলাভাব দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি কম সময়ের মধ্যেই ঠিক হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি চোখের ফোলাভাব দীর্ঘদিন থাকে বা তার সঙ্গে ব্যথা ও চোখে দেখার সমস্যা হয়, তাহলে তা থাইরয়েড, কিডনি বা অন্য শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে।

চিকিৎসকরা বলছেন, চোখের সমস্যা সাময়িক হলে বিশ্রাম নিতে হবে, পর্যাপ্ত জলপান ভীষণভাবে জরুরী এবং স্ক্রিন ব্যবহারে বিরতি নিতে হবে। কিন্তু উপসর্গ যদি দীর্ঘস্থায়ী হয় বা বাড়তে থাকে, তাহলে চোখকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াই নিরাপদ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker