মিলবে কড়কড়ে ৩০০০, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে ফের বড় ঘোষণা রাজ্যের মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই ছক্কা! একের পর এক প্রতিশ্রুতি পূরণে তৎপর বিজেপি। পূর্বে দেওয়া কথা মতোই পয়লা জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্প, নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবার জানালেন অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন।
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা | Annapurna Bhandar
জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। সম্প্রতি অগ্নিমিত্রা পাল জানিয়েছেন ‘অনলাইনে পোর্টালে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে। পোর্টালে আবেদন করা অত্যন্ত সহজ হবে’, বলেও জানান তিনি।
সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, “আমি শুনছিলাম যে, এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে। কিন্তু, আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে…আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটটি এখনই ব্যবস্থা করতে। এখন থেকে অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে ওয়ান পাশ, টু পাশ বা যে হয়তো শিক্ষাটা পাননি…শিক্ষিত নন, এতটাই সহজ করা হবে আবেদন করার এই পোর্টালটা, যে কেউ পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।”
” অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার…আমার প্রত্যেকটি বাংলার মা-বোনরা যাতে আবেদন করতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি…এখনই।” বলেন অগ্নিমিত্রা। এর আগে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েই অগ্নিমিত্রা বলেছিলেন, “সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।”
একই সাথে তিনি স্পষ্ট করেন, “টাকা দেওয়ার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তাঁরা যদি কেউ পান তাহলে তো তাঁদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন, তাঁর পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন, তাঁর পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসিটা হবে, যাদের যাদের নাম কাটা গেছে তাঁদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তাঁদের নাম বাদ যাবে।”

আরও পড়ুন: এক ধাক্কায় দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের, আজ ১ লিটার তেল কিনতে কত খরচ হবে কলকাতায়?
“কোনও মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি কোনও ‘অভারতীয়’কেও সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না” বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিজেপি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় পাবেন ৩০০০ টাকা করে। এবার বিজেপি সরকার গড়তেই প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে। রাজ্য সরকার তরফে সিদ্ধান্ত, ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা হবে।



