১৫ জুন থেকে মহিলাদের জন্য মিলবে বিনামুল্যে সরকারি বাসের পরিষেবা, বড় ঘোষণা কেরল সরকারের

সবদিক নিউজ: বাংলার পর মহিলাদের আর্থিক স্বস্তি এবং যাতায়াতের সুবিধা বাড়াতে বড় পদক্ষেপ নিল কেরল সরকার। আগামী ১৫ জুন থেকে রাজ্যের সরকারি পরিবহণ সংস্থা কেএসআরটিসি-র সাধারণ বাস পরিষেবায় মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার ব্যবস্থা চালু করা হবে। বুধবার এই ঘোষণা করেন কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সাথীসন। মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পটি চালু করতে রাজ্য সরকারের প্রতি মাসে প্রায় ৭০ কোটি টাকা খরচ হবে। অর্থাৎ বছরে এই খাতে ব্যয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। এই সম্পূর্ণ অর্থ সরকার কেএসআরটিসিকে ভর্তুকি হিসেবে প্রদান করবে।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে কেএসআরটিসির আর্থিক সহায়তায় প্রতিবছর প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার। নতুন প্রকল্পের অতিরিক্ত ব্যয়ও সরকারই বহন করবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রকল্প চালুর ছয় মাসের মধ্যেই যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়ে পরিবহণ সংস্থার সামগ্রিক আয়েও ইতিবাচক প্রভাব পড়তে পারে। প্রথম পর্যায়ে শুধুমাত্র কেএসআরটিসির সাধারণ বা অর্ডিনারি বাস পরিষেবাতেই এই সুবিধা মিলবে। কোনও বয়সসীমা থাকছে না। অর্থাৎ, বয়স নির্বিশেষে রাজ্যের সমস্ত মহিলা এই প্রকল্পের আওতায় বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন।
বিধানসভা নির্বাচনের আগে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ) যে একাধিক জনকল্যাণমূলক প্রতিশ্রুতি দিয়েছিল, তার অন্যতম ছিল মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। সরকারের দাবি, এই উদ্যোগ মহিলাদের চলাচলের স্বাধীনতা বৃদ্ধি করবে, পরিবারের পরিবহণ ব্যয় কমাবে এবং শিক্ষা ও কর্মসংস্থানে মহিলাদের অংশগ্রহণ আরও বাড়াতে সাহায্য করবে। তবে প্রকল্প ঘোষণার পরই কিছু প্রশ্নও উঠতে শুরু করেছে। সমালোচকদের মতে, মালাবার-সহ কেরলের কয়েকটি অঞ্চলে সাধারণ বাসের সংখ্যা তুলনামূলক কম। সেখানে ফাস্ট প্যাসেঞ্জার ও সুপারফাস্ট বাসই বেশি চলাচল করে। ফলে ওই সব এলাকার মহিলারা প্রকল্পের পূর্ণ সুবিধা পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটি প্রকল্পের প্রথম ধাপ। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও যাত্রীদের প্রতিক্রিয়া পর্যালোচনা করে ভবিষ্যতে প্রকল্পের পরিধি বাড়ানো এবং প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
অন্যদিকে, রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের দাবি, ইতিমধ্যেই লোকসানগ্রস্ত কেএসআরটিসিকে বিপুল আর্থিক সহায়তা দিতে হচ্ছে সরকারকে। তার উপর বছরে অতিরিক্ত ৮০০ কোটি টাকার ভর্তুকি দীর্ঘমেয়াদে রাজ্যের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে রাজ্যের বকেয়া ও অনাদায়ী রাজস্বের পরিমাণ ৪৮ হাজার কোটি টাকারও বেশি বলে উল্লেখ করা হয়েছিল। সব মিলিয়ে, মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রার এই প্রকল্প কেরলে নতুন সামাজিক উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়ালেও এর আর্থিক ও বাস্তবিক প্রভাব নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।



