বাজেট পেশের আগে বিধানসভায় পুজো! অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে দই খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সবদিক নিউজ: আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই বদলে যাওয়া বাংলায় এক নজিরবিহীন ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে রাজ্য বিধানসভা। আজ সোমবার বিধানসভার অন্দরে নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে বাজেট পেশের ঠিক আগে বিধানসভা চত্বরে তৈরি হল এক অত্যন্ত আবেগঘন ও সনাতনী মুহূর্ত। বাজেট পেশ করার আগে বিধানসভাতেই পুজো ও প্রার্থনায় অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পুজো শেষে শুভুযাত্রার আগে হিন্দু শাস্ত্রীয় রীতি মেনে অর্থমন্ত্রীর মুখে শুভ দই তুলে খাইয়ে দেন খোদ মুখ্যমন্ত্রী।
আজ সকালে রাসবিহারীর বাসভবন থেকে যখন স্বপন দাশগুপ্ত বের হন, তখন তাঁর হাতে কোনও চেনা চামড়ার ব্রিফকেস ছিল না; বরং বাংলার ঐতিহ্যকে সম্মান জানিয়ে একটি পাটের তৈরি বাজেট ফাইল নিয়ে রওনা দেন তিনি। গাড়িতে ওঠার আগে এই নতুন বাজেট ফাইল ও তার ভেতরের নথি প্রসঙ্গে অর্থমন্ত্রী ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “সবটাই নতুন বার্তা। এর মধ্যে যেমন অনেকটা কন্টিনিউটি (ধারাবাহিকতা) আছে, ঠিক তেমনই অনেকটা বদলও আছে। সবটা মিলিয়েই আমরা আগামী দিনে চলব।”
বাজেট নিয়ে আমজনতার তুমুল প্রত্যাশা প্রসঙ্গে স্বপন দাশগুপ্ত বলেন, “মানুষ একটা বড় প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে রাজ্যের ভাণ্ডারে কতটা টাকা আছে, সেটাও আমাদের ভেবেচিন্তে দেখতে হবে। আয় ও ব্যয়ের মধ্যে একটা বাস্তবসম্মত ব্যালেন্স করতে হবে।” তিনি আরও যোগ করেন, “মানুষ যাতে স্বনির্ভর হয়ে রোজগার করতে পারে, রাজ্যে যাতে শিল্পের প্রকৃত উন্নয়ন হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। একটি আধুনিক, প্রোগ্রেসিভ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বাংলা তৈরি করাই এই বাজেটের মূল উদ্দেশ্য।”
তাৎপর্যপূর্ণভাবে, আজ সকালে বাজেট পেশের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের একটি পুরনো ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন অর্থমন্ত্রী। লোক ভবনে তোলা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “বাজেটের আগে তাঁর আশীর্বাদ।” ক্ষমতার আসার পর রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান, কৃষি এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নতুন ডবল ইঞ্জিন সরকার ঠিক কী রূপরেখা আনতে চলেছে, তা নিয়ে কৌতুহল এখন তুঙ্গে। গত বুধবারই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান তথা প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরেছেন স্বপন দাশগুপ্ত। দিল্লির সেই জোড়া বৈঠকের নির্যাস আজ অর্থমন্ত্রীর বাজেটে কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার।



