ট্রান্সজেন্ডাররাও কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? স্পষ্ট জানালেন মন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আবেদন জমা পড়েছে। সেই তালিকায় রয়েছেন বহু ট্রান্স মহিলাও। তবে তাঁদের মধ্যে অনেকেরই প্রশ্ন, এই প্রকল্পের আওতায় তারা আদৌ মাসিক ৩ হাজার টাকার আর্থিক সহায়তা পাবেন কি না। একইসঙ্গে রূপান্তরকামীদের জন্য কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য সরকারি সুবিধা নিয়েও নতুন করে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
ট্রান্সজেন্ডাররা পাবেন অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)?
প্রশাসনের বক্তব্য অনুযায়ী, এই প্রকল্পে কোনও আবেদনকারীকে তাঁর পরিচয়ের ভিত্তিতে আলাদা করে দেখা হবে না। নির্ধারিত যোগ্যতা পূরণ করা এবং প্রয়োজনীয় বৈধ নথি জমা দেওয়া থাকলে ট্রান্স মহিলারাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার অধিকারী। এই বিষয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায় সংবাদমাধ্যমকে বলেন, “ট্রান্স মহিলারা যদি ফর্ম ফিলআপ করেন এবং যোগ্যতার মাপকাঠি পূরণ করেন, তবে নিশ্চয়ই তাঁরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। শুনেছি অনেকেই করেছেন। নথি ঠিক থাকলে কেন পাবেন না।”
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু রূপান্তরিত মহিলা আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁরা আর্থিক সহায়তা পেয়েছেন কি না, সেই বিষয়ে নিশ্চিত তথ্য সামনে আসেনি। তবে আবেদন প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করা সমাজকর্মীরাও। সমাজকর্মী রঞ্জিতা সিনহা বলেন, “আমি শুনেছি অনেক ট্রান্স মহিলারাই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। অনেকে আমায় জানিয়েছেন তাঁরা ফর্ম ফিলআপ করেছেন। তবে এখনও পর্যন্ত তাঁরা টাকা পেয়েছেন কি না, সে খবর আসেনি। তবে সত্যিই যদি তাঁর এই প্রকল্পের সুবিধা পান, তাহলে খুব ভাল হয়। কারণ আমাদের কমিউনিটির মানুষরা খুবই নিম্ন মধ্যবিত্ত, অনেকে দিন আনা দিন খাওয়া করেন। ফলে তাঁদের কাছে এই টাকাটা খুবই উপকারী।”
অন্নপূর্ণা যোজনায় আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নথির বৈধতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। একইসঙ্গে প্রকৃত ট্রান্স মহিলাদের প্রয়োজনীয় সরকারি পরিচয়পত্র ও ট্রান্সজেন্ডার কার্ড দ্রুত হাতে পৌঁছে দেওয়ার বিষয়ে উদ্যোগের আশ্বাস মিলেছে। শুধু ভাতা নয়, ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়েও সরকার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন : যাত্রীদের সিটেই পৌঁছে দেওয়া হয় গরম গরম খাবার, বন্দে ভারতের প্রিমিয়াম মেনুতে কী কী থাকে জানেন?
এই প্রসঙ্গে, রঞ্জিতা সিনহা বলেন, “অগ্নিমিত্রা পলের সঙ্গে আমাদের নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, প্রত্যেক হাসপাতালে ২টো করে বেড ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত থাকবে। নতুন বোর্ড তৈরি হবে। বাসে ফ্রি যাতায়াতের পরিষেবাও দেওয়া হবে এঁদের।” অন্নপূর্ণা যোজনায় ট্রান্স মহিলাদের অংশগ্রহণ এবং তাঁদের জন্য আলাদা সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের একাধিক সমস্যার সমাধানের পথ খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন আবেদন যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর কত দ্রুত প্রকৃত উপভোক্তাদের হাতে এই সুবিধা পৌঁছায়, সেদিকেই নজর সকলের।



