রথযাত্রার আগে বড় উপহার! ১০০-১৫০ বছরের পুরনো রথ কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ রথযাত্রার (Rath Yatra) আগে রাজ্যের বহু পুরনো রথযাত্রা কমিটিগুলির জন্য বড় ঘোষণা করল নবান্ন। যেসব রথযাত্রার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, সেগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর উদ্দেশ্য হল জেলার রথযাত্রাগুলি আরও সুন্দরভাবে আয়োজন করা এবং ভক্তদের জন্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা।
ঐতিহ্যশালী রথযাত্রা (Rath Yatra) কমিটিগুলিকে ৫ লক্ষ টাকার অনুদান
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যশালী রথযাত্রা (Rath Yatra) কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। ইতিমধ্যেই এমন কমিটিগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। সরকারি সূত্রের খবর, আগামী ১৩ জুলাই এই অনুদানের চেক দেওয়া হতে পারে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি যোগ দিয়ে বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারেন।
শুধু অনুদানই নয়, রথযাত্রা (Rath Yatra) উপলক্ষে সব জেলাকে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্য সরকারের মতে, রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও বাইরে থেকে বহু মানুষ এই উৎসবে অংশ নিতে আসেন। তাই উৎসব যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, সেদিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
রথযাত্রার (Rath Yatra) রুট এবং যেখানে বেশি ভক্তের ভিড় হয়, সেখানে সেবা শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই শিবির রথযাত্রার দিন যেমন থাকবে, তেমনই উল্টোরথের দিনও চালু রাখা হবে। প্রতিটি জেলার জন্য এই শিবির পরিচালনায় ১ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে।সেবা শিবিরে বিশুদ্ধ পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, জরুরি স্বাস্থ্য পরিষেবা এবং তথ্য ও সহায়তা কেন্দ্রের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি প্রবীণ মানুষ, মহিলা, শিশু এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সাহায্যের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
রাজ্য সরকার আরও জানিয়েছে, কোনও রথযাত্রা (Rath Yatra) কমিটি যদি ঐতিহাসিক গুরুত্ব বা বিপুল জনসমাগমের কারণে অতিরিক্ত সাহায্যের যোগ্য বলে মনে হয়, তাহলে জেলা প্রশাসন তার জন্য আলাদা সুপারিশ পাঠাতে পারবে। উৎসবের আগে পুলিশ, স্বাস্থ্য দপ্তর, দমকল, পরিবহণ দপ্তর, পুরসভা, পঞ্চায়েত এবং রথযাত্রা কমিটিগুলিকে নিয়ে সমন্বয় বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে নিরাপত্তা, যান চলাচল এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ PF কাটার নিয়মে বড় বদল! জুলাই থেকেই বাড়তে পারে হাতে পাওয়া বেতন, জানুন নতুন নিয়ম
এছাড়া রথযাত্রা (Rath Yatra) শেষ হওয়ার পর কোথায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বরাদ্দ টাকা কীভাবে খরচ হয়েছে, তার রিপোর্ট তথ্য ও সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।



