0%

Kylian Mbappe: ‘আমরাও নোংরামি করতে জানি’, পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়েকে হারিয়ে হুঙ্কার এমবাপ্পের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) অন্যতম সেরা দল হিসেবে ফিলাডেলফিয়ায় পা রেখেছিল ফ্রান্স (France)। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই অনেকে তাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখছিল এবং বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে তারা সেরকম ফুটবলই খেলেছে। কিন্তু শেষ ১৬ পর্যায়ে প্যারাগুয়ের (Paraguay) বিরুদ্ধে নিজেদের স্বভাবসুলভ সাবলীল ফুটবল খেলার পরিবর্তে, তীব্র গরম আবহাওয়ার মধ্যে রীতিমতো যুদ্ধ করে জয় পেতে হয়েছে ২০১৮ সালের চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের (Kylian Mbappe) পেনাল্টি থেকে তারা ১-০ ফলে জয় নিশ্চিত করে।

গোটা ম্যাচে প্যারাগুয়ের ফুটবলাররা লো ব্লক বজায় রেখে শারীরিক আক্রমণ করে ছন্দ ভেঙে দেওয়ার চেষ্টা করেছে ফ্রান্সের অধিনায়কের। কিন্তু তার মধ্যেও গোটা ম্যাচ এমবাপ্পে ঠান্ডা মাথায় নিজের কাজ করে গিয়েছেন। কিন্তু তিনি যে প্যারাগুয়ের ফুটবলারদের ফিজিক্যাল ফুটবল খেলার বিষয়টি ভালোভাবে নেননি, তা ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক পরেই তার আচরণে প্ৰকাশ পেয়েছে।

ম্যাচ শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়মে দুই দলের ফুটবলাররা যখন একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন, তখন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল এমবাপ্পের দিকে হাত বাড়িয়েছিলেন। কিন্তু সেই সময় চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক এমবাপ্পে তাকে সম্পূর্ণ উপেক্ষা করেন এবং তাকে না দেখার ভান করে দর্শকদের অভিবাদন জানাতে থাকেন। রাগে তার পিঠে বল ছুঁড়ে মারেন প্যারাগুয়ে গোলরক্ষক। কিন্তু এমবাপ্পে সেই বিষয়টিও উপেক্ষা করেন।

আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়ে পর্তুগালকে জিতিয়েও চোখে জল রোনাল্ডোর! কেন? শুনলে মন ভাঙবে

আজকের গোলটি চলতি টুর্নামেন্টে এমবাপ্পের সপ্তম গোল ছিল। এই গোলের মধ্যে দিয়ে লিওনেল মেসিকে টপকে ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে আবারও শীর্ষে উঠে এলেন ফ্রেঞ্চ অধিনায়ক। এই নিয়ে বিশ্বকাপের ১৯ ম্যাচে ১৯ গোল করে ফেললেন এমবাপ্পে। ফলে টুর্নামেন্টে মেসির সর্বকালের রেকর্ড স্পর্শ করা থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে রয়েছেন।

আরও পড়ুন: ‘ম্যাচের শেষে জার্সি চাইছিলো, কিন্তু খেলার সময়…..’, কেপ ভার্দের ফুটবলারদের ওপর রেগে আগুন মেসি

ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে এসে এমবাপ্পে বলেন “ম্যাচটা যে এমন লড়াইয়ের মতো হতে পারে, তা আমরা জানতাম। দরকার হলে আমরাও ফিজিক্যাল ফুটবল খেলতে পারি, নোংরামি করে প্রতিপক্ষকে নাজেহাল করার মতো খেলাও আমরা জানি। তারা (প্যারাগুয়ে ফুটবল দল) হয়তো আশা করেছিল আমরা স্যুট-কোট পরে আয়েশি মেজাজে মাঠে নামব, কিন্তু আমরা তাদের এই রণনীতির জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম।”

আজকের এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। আয়োজক কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তারা। গতবারের বিশ্বকাপেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রতিপক্ষ। সেবার অবশ্য জয় পেয়েছিলেন এমবাপ্পেরাই।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker