0%

‘অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার নেই’, পাকিস্তানকে কড়া জবাবের ভারতের

সবদিক নিউজ: ভারতে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি-র মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। পাকিস্তানের প্রেসিডেন্টের বক্তব্যকে ‘অযৌক্তিক’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করে শনিবার রাতে বিবৃতি জারি করেছে  ভারতের বিদেশ মন্ত্রকের। সম্প্রতি জারদারি দাবি করেছিলেন, বারাণসী-র হাজার বছরের পুরনো গঞ্জ শাহিদা মসজিদ-সহ ভারতের একাধিক ঐতিহাসিক মুসলিম ধর্মীয় স্থান হুমকির মুখে রয়েছে এবং সেগুলি ভেঙে ফেলা হচ্ছে। এই ধরনের পদক্ষেপ দেশের সামাজিক সম্প্রীতি নষ্ট করে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার আহ্বান জানান পাক প্রেসিডেন্ট।

জারদারির এই মন্তব্যের কড়া সমালোচনা করে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ‘পাকিস্তানের প্রেসিডেন্টের অযৌক্তিক মন্তব্য দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে ভারত। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার বা এক্তিয়ার তাঁর নেই।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পাকিস্তানের নিজস্ব রেকর্ড অত্যন্ত দুর্বল এবং তা বিশ্বজুড়ে সমালোচিত। বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপর পাকিস্তানে সুপরিকল্পিতভাবে অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ করেছে নয়াদিল্লি। ভারতের বক্তব্য, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার বিষয়ে অন্য দেশকে উপদেশ দেওয়ার আগে পাকিস্তানের নিজেদের পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত। বিদেশ মন্ত্রক জারদারির মন্তব্যকে ‘সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ বলেও উল্লেখ করেছে। ভারতের দাবি, এই মন্তব্য পাকিস্তান সরকারের গোঁড়ামি ও বিদ্বেষমূলক নীতিরই প্রতিফলন। উল্লেখ্য, শনিবার সকালে জারদারির দফতরের তরফে সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ভারতের ঐতিহাসিক মুসলিম ধর্মীয় স্থানের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া ভাষায় পাল্টা জবাব দেয় নয়াদিল্লি।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker