‘একদিনই মিটিং… ৫ জন থাকলেও যাব’! ২১শে জুলাইয়ের সমাবেশের আহ্বান জানালেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের পর থেকেই প্রতিদিন বেড়ে চলেছে তৃণমূলের অন্দরের চির। দল ছাড়া থেকে দলবদলের মধ্যে দিয়েই অতিক্রান্ত দেড় মাস। এরই মধ্যে আসন্ন ২১শে জুলাই (21 July)। প্রতিবছরের মত এবারেও একুশে জুলাই ধর্মতলায় জমায়েতের ডাক দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের অবশিষ্ট নেতা, কর্মী তথা সমর্থকদের কি বার্তা তোলেন নেত্রী?
২১শে জুলাই ধর্মতলা চলো ডাক দিলেন মমতা
বৃহস্পতিবার উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষ রামমোহন লাইব্রেরিতে এক কর্মীসভার ডাক দিয়েছিলেন। সেখানে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের কর্মীবৃন্দরা। সেখান থেকেই আগামী ২১শে জুলাই ধর্মতলায় জমায়েতের ডাক দেন তিনি। এদিন মমতা তাঁর ১২ মিনিটের বক্তব্যে জানান, ২১শে জুলাই আশা করি অনুমতি পাব আমরা। একটা দিনই মিটিং করি, সেই দিন বিস্তারিত বলব। পাঁচ জন কর্মী থাকলেও সেই মিটিংয়ে থাকব। আপনারাও ওই দিন সমবেত হন।
মমতা বলেন, কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। কেউ নিজেকে বাঁচাতে তো কেউ আবার পরিবারকে বাঁচাতে বেইমানি করছে। মা আপনাকে মানুষ করল, বড় করল আর আজ যখন সেই মা অসুস্থ তাকে দেখবেন না? মমতার মুখে এই কথা শুনেই করতালিতে ভরে যায় রামমোহন লাইব্রেরি। তারপর তিনি আবারও বলে ওঠেন, যাদের সুবুদ্ধি আছে ফায়ার আসুন। আর যাঁরা ভাবছেন এভাবে চলবেন, তাঁরা কিন্তু না ঘর কা না ঘাট কে হয়ে থেকে যাবেন।

আরও পড়ুনঃ বাংলাতেও এবার অভিন্ন দেওয়ানি বিধি? চলতি অধিবেশনেই পেশ করা হতে পারে বিল
এর আগে ২০১৮ সালে হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে করা হয়েছিল ২১শে জুলাইয়ের জমায়েত। ইতিমধ্যেই এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন এক জনস্বার্থ মামলাকারী। এই মামলার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের কাছেই নোটিশ পৌঁছে গিয়েছে। এবার আগামী দিনে কি হতে চলেছে সেই দেখার।
সরকার পতনের পর প্রথম একুশে জুলাই তৃণমূলের
একটা সময় ছিল যখন বামফ্রন্ট ক্ষমতায় আর তৃণমূল ছিল প্রধান বিরোধী দল। তারপর ক্ষমতায় এসেছিল তৃণমূল ও দেড় দশক ছিল বাংলার মসনদে। কিন্তু এবার শুধুই হার নয় পতন ঘটেছে, প্রতিদিন নতুন করে ভাঙ্গনের খবর মিলছে। দল ছেড়েছেন অনেকেই তবু মমতার প্রতি টান রয়েই গিয়েছে। এমনকি ঋতব্রতর আসল তৃণমূলও উপদেষ্টার পদ রেখেছেন মমতার জন্যই। তাই আসন্ন একুশে জুলাই একদিকে যেমন কর্মীদের মনোভাব বুঝিয়ে দেবে তেমনি কিছুটা হলেও ভবিষ্যতের প্রতিফলন ঘটাবে বলে মনে করা হচ্ছে।




