‘একদিন সত্যের সামনে দাঁড়াতেই হবে’, অভিষেককে কটাক্ষ সুকান্তের

সবদিক নিউজ: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দীর্ঘতম দায়িত্বপালনের নজির উদ্যাপনের দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার। তাঁর কথায়, তদন্তের মুখোমুখি হওয়া এড়িয়ে চিরকাল পার পাওয়া সম্ভব নয়। বুধবার বালুরঘাটের বুড়াকালি মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঙ্গল কামনায় পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। ভবানী ভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের তলব প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, ‘যখনই কোনও তদন্তকারী সংস্থা ডাকে, তখনই নানা কারণ দেখিয়ে তা এড়ানোর চেষ্টা হয়। কিন্তু এভাবে বেশিদিন চলবে না। একদিন না একদিন সত্যের সামনে দাঁড়াতেই হবে।’
একই সঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনাও তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালানো হয়েছিল। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও ডায়মন্ড হারবার এলাকায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ছিল বলে দাবি তাঁর।
সুকান্তর কথায়, ‘ডায়মন্ড হারবারে আমাদের কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে, তা ভাষায় বর্ণনা করা কঠিন।বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে নানা ধরনের নিপীড়নের অভিযোগ রয়েছে।’ তাঁর দাবি, সে সময় এলাকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত হলে বহু তথ্য সামনে আসবে। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসার শিকার মানুষেরা এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।



