পাকিস্তানে আর্মি ক্যাম্পে আত্মঘাতী হামলায় মৃত্যু ১৫ পাক সেনার! হামলার দায় স্বীকার টিটিপি-র

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌরে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় কেঁপে উঠল সেনাছাউনি এলাকা। শুক্রবার আচমকাই একদল জঙ্গি সেনা ঘাঁটিতে ঢুকে পরপর বিস্ফোরণ ঘটায়। স্থানীয় সংবাদমাধ্যম এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলায় অন্তত ১৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু সেনাকর্মী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি।
পাকিস্তানে (Pakistan) আর্মি ক্যাম্পে আত্মঘাতী হামলায় মৃত্যু ১৫ পাক সেনার!
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জঙ্গিরা অত্যন্ত পরিকল্পিতভাবেই হামলা চালায়। প্রথমে কয়েকজন আত্মঘাতী জঙ্গি সেনাছাউনির মূল অংশে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের জেরে গোটা এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সেই সুযোগে বাকি জঙ্গিরা সেনা ঘাঁটির ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আচমকা হামলায় পাক সেনারা প্রথম দিকে কার্যত দিশেহারা হয়ে পড়ে। ফলে জঙ্গিদের পাল্টা জবাব দেওয়ার আগেই বহু সেনা হতাহত হন। পরে সেনাবাহিনী পাল্টা অভিযান শুরু করলে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই বড় ঘোষণা বিজয়ের! তামিলনাড়ুতে ২১ বছরের নিচে মদ বিক্রি নিষিদ্ধ
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই টিটিপি-র বিশেষ শাখা ‘স্পেশ্যাল ইস্তশাহাদি ফোর্সেস’ বা এসআইএফ বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করে। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের অক্টোবর মাসে কোয়েটা প্রদেশে হামলার পর এই প্রথম সরাসরি কোনও সেনাছাউনিতে হামলার দায় নিল টিটিপি। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি কার্যকলাপ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, যা ইসলামাবাদের কাছে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
খাইবার পাখতুনখোয়ার বাজৌর এলাকা দীর্ঘদিন ধরেই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। আফগান সীমান্ত সংলগ্ন দুর্গম পাহাড়ি এই অঞ্চলে বহু জঙ্গি সংগঠন সক্রিয় বলে অভিযোগ। শুক্রবারের হামলার পর গোটা এলাকায় চরম সতর্কতা জারি করেছে পাকিস্তানের প্রশাসন। অতিরিক্ত সেনা ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী আশপাশের এলাকাগুলিতে তল্লাশি অভিযানও শুরু করেছে, যাতে কোনও জঙ্গি পালিয়ে যেতে না পারে।

আরও পড়ুন: চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরাতে তৈরি কমিটি, কাজ বন্ধ না করতে রাজ্যকে নির্দেশ হাই কোর্টের
এক সপ্তাহের মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় এটি দ্বিতীয় বড় আত্মঘাতী হামলা। এর আগে গত মঙ্গলবার লক্কী মরবত জেলার নৌরঙ্গ বাজারে আত্মঘাতী বিস্ফোরণে দুই পুলিশকর্মী-সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। পরপর হামলার ঘটনায় পাকিস্তানের (Pakistan) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানের পরিস্থিতির প্রভাব এবং সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের পুনরুত্থান পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।



