বাংলায় এবার অভিন্ন দেওয়ানি বিধি! আগামী সোমবারই বিধানসভায় ঐতিহাসিক ইউসিসি বিল পেশ হবে

সবদিক নিউজ: উত্তরাখণ্ড, গুজরাট এবং অসমের পর এবার কি তবে পশ্চিমবঙ্গ? ঐতিহাসিক এক পদক্ষেপের দিকে এগোতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। নবান্ন ও রাজনৈতিক অলিন্দের জোর খবর, আগামী সোমবারই রাজ্য বিধানসভায় বহুল চর্চিত ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) বিল পেশ করতে চলেছে শাসকদল। বিগত বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, বাংলায় ক্ষমতায় এলে তারা দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করবে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার জনসভাগুলি থেকে এই গ্যারান্টি দিয়েছিলেন। ছাব্বিশের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে মহাকরণের রাশ হাতে নেওয়ার পর, এবার সেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই অত্যন্ত দ্রুততার সাথে পা বাড়াচ্ছে নতুন সরকার।
ইতিমধ্যেই দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই আইন কার্যকর হয়েছে। কেন্দ্র সরকারের শীর্ষ নেতৃত্ব বারবার এই বিষয়ে সরব হয়ে জানিয়েছেন, একই দেশে কোনোভাবেই দুই রকমের আইনি ব্যবস্থা চলতে পারে না; আইনি বৈষম্য দূর করে সমস্ত নাগরিকের জন্য সম-আইন প্রতিষ্ঠা করাই এই বিধির মূল লক্ষ্য। আদতে অভিন্ন দেওয়ানি বিধি হলো এমন একটি সাংবিধানিক ব্যবস্থা, যেখানে বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তি বা উত্তরাধিকার বণ্টন, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্কের মতো ব্যক্তিগত ও সামাজিক বিষয়গুলিতে ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য একক এবং অভিন্ন আইন প্রযোজ্য হয়।
উল্লেখ্য, বাংলায় ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ইউসিসি লাগু করার ডেডলাইন বেঁধে দিয়েছিল তৎকালীন বিরোধী দল বিজেপি। অন্যদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শাসনকালে কড়া অবস্থান নিয়ে সাফ জানিয়েছিলেন যে, তিনি কোনো অবস্থাতেই বাংলায় ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে দেবেন না। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে গিয়েছে। নতুন সরকার গঠনের পর শুভেন্দু অধিকারীর প্রশাসন এই আইন কার্যকর করতে কোমর বেঁধে নেমে পড়েছে। চলতি বিধানসভা অধিবেশনেই এই হাই-ভোল্টেজ বিলটি টেবিলে আসতে চলায় রাজ্য রাজনীতিতে নতুন করে তুমুল শোরগোল ও পারদ চড়তে শুরু করেছে।



