0%

‘ভারতকে গর্বিত করেছেন ভিনেশ’, ফেডারেশনকে মনে করিয়ে সোনাজয়ীকে ছাড়পত্র সুপ্রিম কোর্টের

কুস্তির ম্যাটে নেমে একের পর এক ম্যাচ জিতেছেন। এবার আইনি যুদ্ধেও একের পর এক আদালতে জয়ী ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ছিল ভিনেশ মামলার শুনানি। দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভারতকে গর্বিত করেছেন ভিনেশ। তাঁকে থামাবে না আদালত। অর্থাৎ আগামী কাল থেকে শুরু হওয়া এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নিতে ভিনেশের আর কোনও বাধা রইল না।

২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। চলতি মাসের শেষে ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে প্রত্যাবর্তনের পরিকল্পনা ছিল ভিনেশের। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য। কিন্তু শেষ মুহূর্তে নতুন নিয়মে এনে ভিনেশের জন্য ফেরার পথ বন্ধ করে দেয় ফেডারেশন। সাফ জানিয়ে দেওয়া হয়, ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টের পদকজয়ীরা ট্রায়ালে নামতে পারবেন না।

ফেডারেশনের এহেন অবিচারের প্রতিবাদে দিল্লি হাই কোর্টে যান ভিনেশ। আইনি যুদ্ধে জয়ী হন। উচ্চ আদালত সাফ জানিয়ে দেয়, ফেডারেশনের নির্বাচনী নীতি ভিনেশের মতো বড়মাপের কুস্তিগিরকে ট্রায়ালে অংশ নিতে দেয়নি। এটা বিচক্ষণতার অভাব। দিল্লি হাই কোর্টের নির্দেশ, ৩০ এবং ৩১ মে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে ভিনেশকে। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে ভারতের কুস্তি ফেডারেশন।

শুক্রবার শুনানি চলাকালীন দুই বিচারপতির বেঞ্চ জানায়, “ভিনেশ আমাদের দেশকে গর্বিত করেছেন। তবে দিল্লি হাই কোর্ট মামলাটি নিয়ে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে তাতে কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে। তবে ভিনেশকে এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে দেওয়া হোক।” উল্লেখ্য, ২০২৪ প্যারিস অলিম্পিকে ওজন বেড়ে যাওয়ার কারণে ডিসকোয়ালিফাই হয়ে যান ভিনেশ। সেই বিষয়টিকে হাতিয়ার করেই এশিয়ান গেমসের ট্রায়াল থেকে তাঁকে বাদ দেওয়ার চেষ্টা করছিল ফেডারেশন। তবে শেষ পর্যন্ত আইনি যুদ্ধে জিতলেন ভিনেশ। প্রত্যাবর্তনের লড়াইয়ে কুস্তির ম্যাটে জিততে পারবেন?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker