মার্কিন আদালতে মোক্ষম ঝটকা পেলেন ট্রাম্প! ১০ শতাংশ শুল্ক আরোপকে ‘অবৈধ’ ঘোষণা

বাংলাহান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্কনীতি নিয়ে বড় ধাক্কা দিল আমেরিকার আদালত। নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত বিশ্বব্যাপী ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেছে। তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হলেও রায় নিয়ে মতবিরোধ দেখা যায়। শেষ পর্যন্ত দুই বিচারক মত দেন যে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শুল্ক আরোপের ক্ষেত্রে তাঁর সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। যদিও বেঞ্চের তৃতীয় বিচারক মনে করেন, জাতীয় স্বার্থে প্রেসিডেন্টের হাতে বিস্তৃত অর্থনৈতিক ক্ষমতা থাকা উচিত।
মার্কিন আদালতে বিভিন্ন দেশে শুল্ক আরোপ নিয়ে মোক্ষম ঝটকা পেলেন ট্রাম্প (Donald Trump)!
দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প প্রশাসন ‘পারস্পরিক শুল্কনীতি’র কথা ঘোষণা করেছিল। ট্রাম্পের যুক্তি ছিল, যেসব দেশ আমেরিকার পণ্যের উপর বেশি শুল্ক বসাচ্ছে, আমেরিকাও তাদের উপর সমপরিমাণ শুল্ক চাপাবে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। একাধিক দেশ এবং আমেরিকার ব্যবসায়ী মহল এই নীতির বিরোধিতা শুরু করে। পরে বিষয়টি আদালতে গড়ায়। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আইইইপিএ বা ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’-এর আওতায় এমন শুল্ক আরোপের স্পষ্ট অনুমোদন নেই।
আরও পড়ুন:যে সরকারি ব্যাঙ্কে করতেন সুইপারের কাজ, আজ তিনি সেখানকার AGM! অবাক করবে প্রতীক্ষার কাহিনি
মার্কিন সংবিধান অনুযায়ী আমদানি শুল্ক এবং কর নির্ধারণের প্রধান ক্ষমতা কংগ্রেসের হাতে। যদিও বিশেষ ক্ষেত্রে কংগ্রেস প্রেসিডেন্টকে সেই ক্ষমতা দিতে পারে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ট্রাম্প প্রশাসন সেই ক্ষমতার অপব্যবহার করেছে। আদালতের নির্দেশের পর হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানায়, আইইইপিএ-র আওতায় আরোপিত অতিরিক্ত শুল্ক কার্যকর রাখা হবে না এবং দ্রুত তা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সেই ঘোষণার কিছুদিনের মধ্যেই ট্রাম্প প্রশাসন ফের বিভিন্ন দেশের উপর ১০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালতের দ্বারস্থ হয়। মামলাকারীদের দাবি ছিল, এই শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্যকে অস্থির করে তুলছে এবং আমেরিকার ব্যবসায়ী ও আমদানিকারকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। শুনানির শেষে আদালত জানিয়ে দেয়, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি আইনসম্মত নয়। আদালতের মতে, প্রেসিডেন্ট একতরফাভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন না, বিশেষ করে যখন কংগ্রেসের পূর্ণ অনুমোদন নেই।
আরও পড়ুন: যে সরকারি ব্যাঙ্কে করতেন সুইপারের কাজ, আজ তিনি সেখানকার AGM! অবাক করবে প্রতীক্ষার কাহিনি
যদিও ট্রাম্প (Donald Trump) প্রশাসনের তরফে জানানো হয়েছিল, এই ১০ শতাংশ শুল্ক ছিল সাময়িক ব্যবস্থা। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারা ব্যবহার করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। সেই আইনে বলা রয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ১৫০ দিন পর্যন্ত এমন শুল্ক কার্যকর রাখা যেতে পারে। আগামী ২৪ জুলাই সেই সময়সীমা শেষ হওয়ার কথা। তার আগেই আদালতের এই রায় ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে মার্কিন বাণিজ্যনীতি এবং প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।



