0%

রাম মন্দিরে চুরির ঘটনা ঠেকাতে জারি নতুন নিয়ম, মানতে হবে নিয়ম বিধি

সবদিক নিউজ: অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির অভিযোগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে মন্দির ট্রাস্টকে একাধিক সুপারিশও করেছে সিট। সিট সূত্রে খবর, দান সংগ্রহ ও অর্থ গণনার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য বিশেষ পোশাক চালুর পরামর্শ দেওয়া হয়েছে। ওই পোশাকে কোনও ধরনের পকেট থাকবে না, যাতে টাকা আত্মসাতের সম্ভাবনা কমে। শুধু তাই নয়, টাকা গণনার কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্মীদের তল্লাশিও করা হবে বলে সুপারিশ করা হয়েছে। 

এছাড়াও, এখন থেকে দানবাক্স থেকে টাকা বের করা থেকে শুরু করে তা ব্যাঙ্কে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হবে। অভিযোগ ওঠার পর ইতিমধ্যেই টাকা গণনার দায়িত্বে থাকা দল এবং মন্দির থেকে ব্যাঙ্কে টাকা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা কর্মীদের বদল করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের দায়িত্বেও আনা হয়েছে পরিবর্তন। প্রসঙ্গত, সম্প্রতি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় রাম মন্দিরে কোটি কোটি টাকার দান আত্মসাতের অভিযোগ তুলে সরব হন। তিনি দাবি করেন, এই ঘটনা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রামভক্তদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এমনকি আদালতের তত্ত্বাবধানে তদন্তের দাবিও জানান তিনি। প্রথমে অভিযোগ উড়িয়ে দিলেও, পরে অভ্যন্তরীণ তদন্তে কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ পায় মন্দির ট্রাস্ট। এরপর ট্রাস্টের তরফেই উত্তরপ্রদেশ সরকারের কাছে সিট গঠনের আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতেই বিশেষ তদন্তকারী দল গঠন করে যোগী আদিত্যনাথ সরকার।

ইতিমধ্যেই মন্দিরের দুই কর্মচারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে অযোধ্যা পুলিশ। প্রাথমিক তদন্তে তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নগদ এবং সোনাদানা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী শুধু ভক্তদের দানের টাকা নিয়েই উদ্বিগ্ন নন, মন্দিরের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও তাঁর গভীর উদ্বেগ রয়েছে। বর্তমানে যে ব্যবস্থায় ঘাটতি রয়েছে, তা দ্রুত সংশোধন করে আরও স্বচ্ছ ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker