0%

নেপাল ঘুরতে যাচ্ছেন? নয়া নিয়মের গেরোয় আটক হতে পারে গাড়ি, কেনাকাটাতেও কড়াকড়ি!

ভারত ও নেপালের সেই ‘রোটি-বেটির’ সম্পর্কে কি তবে কিছুটা আলগা হল? কয়েক দশক ধরে দুই দেশের সীমান্ত ছিল যেন ঘরের বারান্দা। সীমান্তের বাসিন্দাদের কথায় কথায় ওপারে গিয়ে বাজার করা কিংবা নিজের বাইক নিয়ে পশুপতিনাথ দর্শন—সবটাই ছিল জলভাত। কিন্তু হঠাৎই প্রতিবেশী দেশের মেজাজ বদলেছে। নেপাল ভ্রমণের চেনা ছকে এখন কাঁটাতার দিয়েছে নতুন নিয়ম। আর সেই গেরোয় পড়ে পর্যটকদের পকেট থেকে শুরু করে গাড়ি—সবটাই এখন বড় ঝুঁকির মুখে।

ছবি: সংগৃহীত

আগে ভারতের সীমান্ত পেরিয়ে নেপালে ঢোকা ছিল সহজ। এখন নিয়ম অনেক বেশি কড়া। ভারতীয় গাড়ি নিয়ে নেপালে ঢুকে এখন পা হড়কালেই বিপদ। ব্যাপারটা কী? নতুন নিয়ম বলছে, সীমানায় পা রাখলেই সবার আগে গাড়ি নথিভুক্ত করতে হবে। সঙ্গে রাখতে হবে বৈধ পারমিট। বছরে ৩০ দিনের বেশি ভারতীয় গাড়ি নেপালের রাস্তায় রাখা যাবে না। প্রতিদিনের জন্য গুনতে হবে মাশুল। একটুও ভুলচুক হলে গাড়ি বাজেয়াপ্ত করবে প্রশাসন। এমনকী নিয়ম ভাঙার অপরাধে আপনার প্রিয় গাড়িটি চিরতরে খোয়া যেতে পারে।

ছবি: সংগৃহীত

সীমান্তের বাসিন্দাদের কাছে ওপারের বাজার ছিল ঘরের কাছের দোকান। কিন্তু এখন সেই ব্যাগেও নজরদারির ছায়া। নেপাল সরকার সাফ জানিয়ে দিয়েছে, মাত্র ১০০ নেপালি মুদ্রার (ভারতীয় মূল্যে যা প্রায় ৬২ টাকা) বেশি কেনাকাটা করলেই দিতে হবে কাস্টমস ডিউটি। পণ্যের ধরন অনুযায়ী ৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হচ্ছে। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, ডজনখানেক কলা নিয়ে ফিরলেও মাঝপথে আটকে দিচ্ছে কাস্টমস অফিসাররা। রসিদ ছাড়া ফিরলেই জিনিস বাজেয়াপ্ত হচ্ছে। লাউডস্পিকারে সতর্কবার্তা আর কড়া তল্লাশিতে এখন সীমান্ত চত্বর তপ্ত।

কেন এই কড়াকড়ি?
কূটনৈতিক স্তরে দুই দেশের সম্পর্ক আজও অনন্য। এমনকী দুই দেশের সেনাপ্রধানরা একে অপরের দেশের সম্মানীয় পদ পান। কিন্তু প্রধানমন্ত্রী বালেন শাহের জমানায় প্রশাসনিক কড়াকড়ি এখন চরমে। মূলত কর ফাঁকি রোখা এবং চোরাচালান বন্ধ করতেই এই কঠোর অবস্থান বলে দাবি নেপাল সরকারের। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অনিয়ন্ত্রিত ভারতীয় গাড়ি চলাচল বন্ধ করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

পর্যটকদের জন্য টিপস
পুরনো অভিজ্ঞতা নিয়ে নেপাল যাওয়ার দিন ফুরিয়েছে। এবার ব্যাগ গোছানোর আগে পকেটে রাখুন সব নথিপত্র। গাড়ির কাগজপত্র থেকে শুরু করে কেনাকাটার ছোট ছোট রসিদ—সবটাই যত্ন করে গুছিয়ে রাখুন। নিয়ম না জানলে আনন্দভ্রমণ নিমেষেই দুঃস্বপ্নে বদলে যেতে পারে। তাই নেপাল যাওয়ার আগে পকেটে টাকা রাখুন। মাথায় রাখুন এই নতুন নিয়মগুলোও। নচেৎ বর্ডার পেরোলেই পস্তাতে হবে!

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker