0%

এনটিএ-কে সরানোর দাবি! নিট প্রশ্ন ফাঁস নিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ চিকিৎসক সংগঠন

সবদিক নিউজ: নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং বারংবার পরীক্ষা বাতিলের ঘটনায় এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (ফাইমা)। বৃহস্পতিবার শীর্ষ আদালতে দায়ের করা এক আবেদনে সংগঠনটি দাবি করেছে যে, পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে সরিয়ে দেওয়া হোক। এর পরিবর্তে নিট আয়োজনের জন্য একটি বিকল্প ও নির্ভরযোগ্য সংস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছে তারা।

চিকিৎসক সংগঠনের আইনজীবী তন্বী দুবে আদালতে সওয়াল করেন যে, প্রশ্ন ফাঁসের জেরে ২২ লক্ষ ৭০ হাজারেরও বেশি পরীক্ষার্থীর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, যতক্ষণ না নতুন কোনও স্থায়ী সংস্থা গঠন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুনঃপরীক্ষা তদারকির জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটি তৈরি করা হোক। এই কমিটির নেতৃত্বে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, স্বচ্ছতা বজায় রাখতে কমিটিতে একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং একজন ফরেনসিক বিজ্ঞানীকেও অন্তর্ভুক্ত করার আর্জি জানানো হয়েছে।

অন্যদিকে, এই বিশাল প্রশ্ন ফাঁস চক্রের জাল কতদূর বিস্তৃত, তা নিয়ে তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই দুর্নীতির মূল ষড়যন্ত্রকারীরা মহারাষ্ট্রের নাসিকে এক বৈঠকে মিলিত হয়েছিল। সেখান থেকেই ফাঁস হওয়া প্রশ্নপত্রের একটি কপি হরিয়ানায় পাঠানো হয়। সেখানে প্রশ্নপত্রের পাঁচটি আলাদা সেট তৈরি করা হয়, যার প্রতিটিতে ১০টি করে প্রশ্ন ছিল।

তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে, হরিয়ানা থেকে সেই সেটগুলি রাজস্থানের জয়পুর, জমবারামগড় এবং সীকরে পৌঁছায়। এরপর ধাপে ধাপে সেই প্রশ্নপত্রের কপি অন্ধ্রপ্রদেশ, জম্মু-কাশ্মীর, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, দিল্লি এবং বিহারের মতো রাজ্যগুলিতে ছড়িয়ে দেওয়া হয়। দেশজুড়ে ছড়িয়ে থাকা এই চক্রের শিকড় কত গভীরে, তা খতিয়ে দেখতে সিবিআই আধিকারিকরা বর্তমানে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালাচ্ছেন। নিট দুর্নীতির এই নয়া মোড় লক্ষ লক্ষ পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker