BJP Mahila Morcha takes action against illegal liquor shops in Cooch Behar

অবৈধ মদের দোকান বন্ধ করতে বিশেষ অভিযান চালাল বিজেপি মহিলা মোর্চা। সোমবার দুপুর ১টা নাগাদ সিতাই বিধানসভার মাতালহাট এলাকায় এই অভিযানে মদ বিক্রির সামগ্রী ফেলে নষ্ট করা হয়। মদ বিক্রেতাদের বিজেপি মহিলা মোর্চার সদস্যদের হুঁশিয়ারি, ভবিষ্যতে অবৈধ উপায়ে মদ বিক্রি করা যেন না হয়। মদের বিরুদ্ধে এই অভিযানের পরেই মাতালহাট সুস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা।
গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে সোমবার এলাকার একটি বাড়িতে অভিযান চালায় বিজেপি মহিলা মোর্চা। ওই বাড়ির একটি ঘরের ভেতরে গোপন চেম্বারের খোঁজ মেলে। সেখানেই মদ লুকিয়ে রাখা ছিল বলে অভিযোগ উঠেছে। সেই মদ ও মদ তৈরির সামগ্রী রাস্তায় ফেলে নষ্ট করে দেন মহিলা মোর্চার সদস্যরা। এদিন এই অভিযানে কোচবিহার জেলা বিজেপি মহিলা মোর্চার সহ-সভানেত্রী সাবিত্রী বর্মণ, জেলা মহিলা মোর্চার অফিস সম্পাদক সরস্বতী রায়, সিতাই ৪ নং মণ্ডল সভাপতি ও একাধিক মহিলা মোর্চার কর্মী এই অভিযানে উপস্থিত ছিলেন।
মদের বিরুদ্ধে অভিযানের পর মাতালহাট সুস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান তাঁরা। সেখানে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, মাত্র দু’জন কর্মী থাকায় সঠিকভাবে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হবে বলে সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে ও এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখতেই এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
পালাবদলের পর রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর শুভেন্দুর সরকার। মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, এবার থেকে রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। আর এই নীতিতেই কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্যে সুস্থ পরিবেশ বজায় রাখতে ময়দানে নামল বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।
শেয়ার
লিংক



