0%

‘ককরোচ জনতা পার্টি’ নিয়ে এবার শীর্ষ আদালতে মামলা! সিবিআই তদন্তের দাবি সুপ্রিম কোর্টের

সবদিক নিউজ: সমাজমাধ্যমে ব্যাপক সাড়া জাগানো ব্যঙ্গাত্মক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’-র বিতর্কিত কার্যকলাপের বিরুদ্ধে এবার সরাসরি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করা হলো। শীর্ষ আদালতের বিচারপতিদের বিভিন্ন মৌখিক পর্যবেক্ষণ বা মন্তব্যকে পুঁজি করে এক শ্রেণির মানুষের ‘ব্যবসা’ করার গুরুতর অভিযোগ তুলে সোমবার এই জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে ভুয়ো ডিগ্রিধারী আইনজীবীদের ক্রমবর্ধমান দৌরাত্ম্য রুখতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানানো হয়েছে। মামলাকারী আইনজীবী তাঁর এই আবেদনে কেন্দ্রীয় সরকার, তথ্য ও প্রযুক্তি মন্ত্রক, বার কাউন্সিল এবং সিবিআই-কে পক্ষ বা রেসপন্ডেন্ট করেছেন।

ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন এক আইনজীবী এই ইস্যুটির সঙ্গে সম্পর্কিত একটি আবেদনের জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন। সেদিন ‘ককরোচ জনতা পার্টি’-কে নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেছিলেন, “বিষয়টি এত আবেগ দিয়ে নেবেন না”। কিন্তু তার মাত্র একদিনের মাথায় নেটপাড়ায় ঝড় তোলা এই ‘আরশোলা’ আন্দোলনে সিবিআই তদন্তের দাবিতে আইনি জল গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত।

রাজা চৌধুরি নামে এক আইনজীবী এই বিশেষ আবেদনটি শীর্ষ আদালতে পেশ করেছেন। তাঁর প্রধান অভিযোগ, ভুয়ো আইনজীবী এবং জাল আইন ডিগ্রির রমরমা ব্যবসা দেশের সামগ্রিক বিচারব্যবস্থার মান ও মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে; তাই অবিলম্বে সিবিআই-কে দিয়ে এর তদন্ত করানো প্রয়োজন। এর পাশাপাশি, আদালতকক্ষে শুনানির সময় বিচারপতিদের করা বিভিন্ন মৌখিক পর্যবেক্ষণ বা মন্তব্যকে যেভাবে সমাজমাধ্যমে লোগো, ট্রেডমার্ক এবং ‘মনিটাইজেশন’ অর্থাৎ টাকা উপার্জনের ব্যবসায়িক উদ্দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

দায়ের করা আবেদনে বিশ্বখ্যাত সাহিত্যিক ফ্রাঞ্জ কাফকার ‘দ্য মেটামরফোসিস’ উপন্যাসের প্রসঙ্গ টেনে বলা হয়েছে যে, বিচারব্যবস্থা, আমলাতন্ত্র কিংবা রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে অতীতেও ‘জঙ্গলরাজ’, ‘ওয়াচডগ’ বা ‘আরশোলা’-র মতো রূপকের (Metaphor) ব্যবহার নতুন কিছু নয়। তবে সেইসব রূপক বা মন্তব্যকে ডিজিটাল মাধ্যমে সরাসরি পণ্যে রূপান্তর করা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। আবেদনে স্পষ্ট করা হয়েছে যে, এই আইনি পদক্ষেপ কোনওভাবেই সুস্থ সমালোচনা বা নাগরিকদের বাকস্বাধীনতার উপরে আঘাত নয়, বরং আদালতের গরিমা ও সম্মানকে সস্তা উপহাসে পরিণত করার একটি সংগঠিত ও বাণিজ্যিক চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker