Son Arrested for Murdering Mother in Kulpi

মায়ের মাথায় শাবল দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কুলপি থানার অন্তর্গত পশ্চিম রঘুনাথপুর এলাকায়। সাতসকালে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মৃতের নাম সোলেহার বিবি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে পারিবারিক অশান্তির জেরে মা সোলেহারের সঙ্গে অশান্তি চলছিল ছেলে সইফুল্লা শাহের। অভিযোগ, তর্ক বিতর্ক চলাকালীন মায়ের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন ছেলে। এরপর গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিত্তরঞ্জন হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে। । এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই মৃতার বাড়িতে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমেছে। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই সুন্দরবন পুলিশ জেলার মন্দিরবাজারে বাবাকে খুন করার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। সেই তদন্ত এখনও চলছে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল কুলপিতে।
শেয়ার
লিংক



