0%

অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হচ্ছে না বিধানসভায়, আগে গঠিত হতে পারে উচ্চপর্যায়ের কমিটি

রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) সংক্রান্ত বিল আপাতত পেশ করা হচ্ছে না বলেই খবর। তার বদলে এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের পথে এগোচ্ছে রাজ্য সরকার। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, ওই কমিটির রিপোর্ট ও সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতে বিলটি বিধানসভায় আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন। আগামী ৭ জুলাই থেকে শুরু হবে অধিবেশনের দ্বিতীয় পর্ব। সেই পর্বে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল আনা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইন দফতর। বর্তমানে আইন দফতরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে।

– বিজ্ঞাপন –

নবান্ন সূত্রে খবর, সোমবার বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিতে পারেন বলেও জোর জল্পনা রয়েছে। বিশেষ করে, প্রস্তাবিত উচ্চপর্যায়ের কমিটির সদস্য কারা হবেন, কমিটির কাজের পরিধি কী হবে এবং কীভাবে তারা সুপারিশ জমা দেবেন, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ধারণা মিলতে পারে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকেই রাজনৈতিক মহলে অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে জোর আলোচনা শুরু হয়। সেদিন বিধানসভায় নিজের বক্তব্যে ইউসিসি-র পক্ষে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে একটি দলীয় কর্মসূচিতেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। এর পর থেকেই চলতি বাজেট অধিবেশনেই বিলটি পেশ হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল।

তবে শেষ পর্যন্ত আপাতত সেই সম্ভাবনা বাস্তবায়িত হচ্ছে না বলেই সূত্রের খবর। পরিবর্তে, বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও মতামত সংগ্রহের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠনের পথেই এগোচ্ছে সরকার। ফলে এখন রাজনৈতিক মহলের নজর মুখ্যমন্ত্রীর সম্ভাব্য বিবৃতি এবং আগামী ৭ জুলাই শুরু হতে চলা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দিকে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker