0%

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর! বাড়ছে ট্রেনের সংখ্যা, নতুন প্ল্যাটফর্ম চালুরও ঘোষণা রেলের

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়া ডিভিশন নিয়ে প্রায়ই যাত্রীদের মুখে নানা অভিযোগ শোনা যায়। বিশেষত ট্রেন লেট নিয়ে অনেকেই উষ্মা প্রকাশ করেন। তবে এবার হয়তো সেসব অভিযোগ দূর হতে চলেছে। কারণ হাওড়া ডিভিশন (Howrah Division) ও হাওড়া স্টেশনের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ ঘোষণা করেছে রেল (Indian Railways)। ট্রেনের সংখ্যা বৃদ্ধি থেকে হাওড়ায় নতুন প্ল্যাটফর্ম সহ একাধিক সুখবর দেওয়া হয়েছে।

হাওড়া ডিভিশন নিয়ে একাধিক সুখবর দিল রেল | (Indian Railways)

সম্প্রতি পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই নতুন প্ল্যাটফর্ম চালু সহ একাধিক ঘোষণা করেন তিনি। রেল কর্তৃপক্ষের দাবি, হাওড়া ডিভিশনে ট্রেন দেরিতে চলার অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার সময় এসে গিয়েছে।

আরও পড়ুনঃ ‘যেখানে যেভাবে কাজ করতে বলেছে করেছি’! তৃণমূল আমলের বাজেট নিয়ে বিস্ফোরক চন্দ্রিমা

হাওড়া ডিভিশনের ডিআরএম এদিন বলেন, হাওড়া স্টেশনে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু হতে চলেছে। রেল সূত্রে জানা গিয়েছে, ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্ম তৈরি করতে ২.৬৯ কোটি টাকা খরচ হয়েছে। জুলাই মাস থেকেই যাত্রীদের জন্য নতুন প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে।

এছাড়া হাওড়া ডিভিশনে ট্রেনের সংখ্যাও বাড়তে চলেছে। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের গতি ও সময়ের দিকে গুরুত্ব দিয়ে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও আসছে।

হাওড়া ডিভিশন সূত্রে জানা গিয়েছে, দূরপাল্লার ট্রেন পরিচালনা করতে হাওড়ার ১০ থেকে ১৩ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। একইসঙ্গে ১৬ নম্বর প্ল্যাটফর্মেও কাজ চলছে। ট্রেন চলাচল ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে হাওড়া স্টেশনে রুট রিলে ইন্টারলকিং ব্যবস্থা বসানো হচ্ছে।

হাওড়া ডিভিশনের ডিআরএম জানান, দক্ষিণ পূর্ব রেল ও পূর্ব রেলের লাইন সংযোগের কাজের জন্য হাওড়া থেকে ট্রেন ছাড়তে ও বেরোতে দেরি হচ্ছে। এই জংশন পয়েন্টের কাজ মিটে গেলেই এই সমস্যা দূর হবে।

হাওড়া স্টেশন দিয়ে রোজ যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এবার সেই স্টেশন ও ডিভিশনের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ ঘোষণা করল রেল। এতে যাত্রীদের সুবিধা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker