আবাস যোজনার কাটমানি ফেরত, গ্রামে শুরু টাকা বিলি

সবদিক নিউজ: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লকের বেলসিং অঞ্চলের বনহোগলা গ্রামে কাটমানি ফেরত দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, পলাতক তৃণমূল অঞ্চল সভাপতি জাহাঙ্গীরের ঘনিষ্ঠ গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল এবং তাঁর কয়েকজন সহযোগীর উদ্যোগে গ্রামবাসীদের হাতে প্রায় ৪ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে বহু উপভোক্তার কাছ থেকে ২০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছিল। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ১ লক্ষ ২০ হাজার টাকার অনুদানের ক্ষেত্রেও অনেকের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ কেটে নেওয়া হয়। পাশাপাশি, আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ আর্থিক সাহায্য থেকেও কাটমানি আদায়ের অভিযোগ উঠেছে।
গ্রামবাসীদের দাবি, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এলাকায় ফিরে এসে একাধিক বাসিন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে কাটমানির টাকা ফেরতের দাবিতে সরব হন তাঁরা। এরপরই সুচিত্রা মণ্ডল, সহদেব মালিক এবং দীপঙ্কর মালিকের উপস্থিতিতে প্রায় ৪ লক্ষ টাকা গ্রামবাসীদের মধ্যে ফেরত দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থানীয়দের একাংশ কাটমানি নেওয়া ও তা ফেরত দেওয়ার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। প্রশাসনিক তদন্তের মাধ্যমেই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছেন তাঁরা।



