0%

Puri Stampede: পুরীতে রথযাত্রায় মহা অঘটন, পদপিষ্ট ১২০ পুণ্যার্থী, একজনের মৃত্যুর আশঙ্কা

পুরীতে পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা।Image Credit: PTI

পুরী: পুরীর রথযাত্রায়  (Puri Rath Yatra) বিপর্যয়। পুণ্যার্থীর ঢলে রথযাত্রা চলাকালীন বহু মানুষের পদপিষ্ট  (Stampede) হওয়ার খবর। অন্তত ১২০ জন পদপিষ্ট হয়েছেন। একজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই এই দিনে ওড়িশার পুরীতে পুণ্যার্থীর ঢল নামে। লাখো লাখো ভক্তের সমাগম হয়। সেই ভিড়ের চাপেই ঘটল অঘটন।

প্রাথমিক সূত্রে খবর, আজ পুরীতে রথযাত্রা শুরুর পরই গ্রান্ড রোডের কাছে এই অঘটন ঘটে। জগন্নাথ দেবের রথের রশি টানতে গিয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হয়। এর জেরেই প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদপিষ্ট হন ভক্তরা। জানা গিয়েছে, অন্তত ১২০ জন পুণ্যার্থী পদপিষ্ট হয়েছেন ভিড়ে চাপে। শয়ে শয়ে মানুষের দমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতির মুখে পড়েন। ইমার্জেন্সি টিম গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পুরী মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

একজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। সূত্রের খবর, ভিড়ের চাপে দম বন্ধ হয়ে ওই পুণ্যার্থী সংজ্ঞা হারান এবং পড়ে যান। এরপরই পদপিষ্ট হন। তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে পুরী জেলা হেডকোয়ার্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছেন বলেই সূত্রের খবর। তবে প্রশাসনের তরফে এখনও কোনও পুণ্যার্থীর মৃত্য়ুর খবর নিশ্চিত করেনি।

ভিড়ের চাপে অঘটন ঘটার পরই স্পেশাল রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। পুণ্যার্থীদের ওই ভিড় জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পদপিষ্টের ঘটনার পরই ভিড় নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি করা হয় গ্রান্ড রোডে, যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে।

প্রসঙ্গত, গত বছরও পুরীতে রথযাত্রার সময় পদপিষ্টের ঘটনা ঘটেছিল। বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker