0%

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর! লেভেল ১ থেকে ১০-এর সম্ভাব্য বেতন তালিকা

বাংলা হান্ট ডেস্ক : অষ্টম বেতন কমিশন এখনও কার্যকর হয়নি। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মধ্যে এখন থেকেই শুরু হয়েছে সম্ভাব্য বেতন বৃদ্ধির অঙ্ক কষা। বিশেষ করে নতুন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, তা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। যদি আগের কমিশনের মতো একই ফর্মুলা বজায় থাকে, তাহলে বিভিন্ন পে-লেভেলের কর্মীদের বেতন এবং অন্যান্য ভাতায় বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। সম্ভাব্য সেই হিসাবই এক নজরে দেখে নেওয়া যাক।

অষ্টম বেতন কমিশনে কত হবে সরকারি কর্মীদের (Government Employees) মাইনে ?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সপ্তম বেতন কমিশন চালুর সময় এই ফ্যাক্টর ছিল ২.৫৭। তার জেরেই ন্যূনতম মূল বেতন ৭ হাজার টাকা থেকে এক ধাক্কায় বেড়ে ১৮ হাজার টাকায় পৌঁছেছিল।
এবারও যদি সরকার একই ফ্যাক্টর বহাল রাখে, তাহলে বর্তমানে যে বেসিক বেতন কর্মীরা পাচ্ছেন, তা প্রায় আড়াই গুণেরও বেশি হয়ে যেতে পারে। যদিও এই মুহূর্তে বিষয়টি সম্পূর্ণ সম্ভাবনার পর্যায়ে রয়েছে। সরকারের তরফে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

বর্তমানে লেভেল-১-এর কর্মীদের বেসিক বেতন ১৮ হাজার টাকা। এই স্তরে মাল্টি টাস্কিং স্টাফ (MTS), ট্র্যাকম্যান এবং গ্রুপ ‘ডি’-র বিভিন্ন কর্মী রয়েছেন। একই ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে তাঁদের মূল বেতন বেড়ে প্রায় ৪৬ হাজার ২৬০ টাকায় পৌঁছতে পারে।
অন্যদিকে, লেভেল-৫-এর কর্মীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। হিসাব অনুযায়ী তাঁদের সম্ভাব্য বেসিক বেতন দাঁড়াতে পারে প্রায় ৭৫ হাজার ৪৪ টাকা। লেভেল-৭-এ থাকা সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এবং গ্রুপ ‘বি’ (নন-গেজেটেড) কর্মীদের বর্তমান বেসিক ৪৪ হাজার ৯০০ টাকা। একই ফর্মুলা অনুসরণ করা হলে সেই অঙ্ক বেড়ে প্রায় ১ লক্ষ ১৫ হাজার ৩৯৩ টাকায় পৌঁছতে পারে। আরও উঁচু স্তরের লেভেল-১০ কর্মীদের ক্ষেত্রে সম্ভাব্য মূল বেতন হতে পারে প্রায় ১ লক্ষ ৪৪ হাজার ১৭৭ টাকা।

বেসিক বেতন বাড়লে তার প্রভাব পড়বে বাড়ি ভাড়া ভাতা বা HRA-র উপরও। কারণ এই ভাতার হিসাব করা হয় মূল বেতনের শতাংশ হিসেবে। বর্তমানে শহরগুলিকে X, Y এবং Z—এই তিন ভাগে ভাগ করে HRA দেওয়া হয়। মহার্ঘ ভাতা (DA) ৫০ শতাংশের বেশি থাকলে সংশ্লিষ্ট হারে HRA নির্ধারিত হয় ৩০ শতাংশ, ২০ শতাংশ এবং ১০ শতাংশ। ফলে নতুন বেতন কাঠামো চালু হলে শুধুমাত্র মাসিক বেতনই নয়, বাড়ি ভাড়া ভাতার অঙ্কও উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে।

Probable salary structure for central government employees

আরও পড়ুন : পনির দিয়ে মুগের ডালের সঙ্গে বানান মুখরোচক নিরামিষ পদ, প্রণালী রইল

তবে একটি বিষয় মনে রাখা জরুরি। উপরের সমস্ত অঙ্কই সপ্তম বেতন কমিশনের ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে করা সম্ভাব্য হিসাব। অষ্টম বেতন কমিশন চূড়ান্তভাবে কী সুপারিশ করবে এবং কেন্দ্র সরকার কোন প্রস্তাবে সিলমোহর দেবে, তার উপরই নির্ভর করবে কর্মীদের প্রকৃত বেতন ও ভাতার পরিমাণ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker