0%

এশিয়াডের আগে একগুচ্ছ পদক, সোনাজয়ী বঙ্গ তারকারা, কমনওয়েলথ টেবিল টেনিসে ভারতের দাপট

কমনওয়েলথ গেমসের মতো কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপেও উজ্জ্বল ভারতের পারফরম্যান্স। দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে দুই টিম ইভেন্টে আগেই সোনা জিতেছিল ভারতের পুরুষ ও মহিলা দল। রবিবার পুরুষ ও মহিলাদের সিঙ্গলসেও চ্যাম্পিয়ন হলেন ভারতের অঙ্কর ভট্টাচার্য ও যশস্বিনী ঘোরপড়ে। পাশাপাশি মহিলা ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীজা আকুলা-সিন্ড্রেলা দাস। সঙ্গে সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছেন বাংলার দুই প্যাডলার সিন্ড্রেলা ও সুতীর্থা মুখোপাধ্যায়। মিক্সড ডবলসেও চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের তানিশা কোটেচা-মানব ঠক্কর।

পুরুষ সিঙ্গলসের ফাইনালে অঙ্কুরের প্রতিপক্ষ ছিলেন পায়াস জৈন। তিনি আবার বর্তমানে অনুশীলন করেন কলকাতায়, সৌম্যজিৎ রায়-পৌলমী ঘটকের অ্যাকাডেমিতে। ফাইনালে দুই ভারতীয় তরুণ প্যাডলারের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়। একটা সময় ৩-২ গেমে এগিয়ে গিয়েছিলেন পায়াস। তবে টানা দু’টো গেম জিতে চ্যাম্পিয়ন হয়ে যান অঙ্কুর। সবমিলিয়ে তিনি ম্যাচ জেতেন ৮-১১, ১১-৯, ৭-১১, ১১-৮, ৪-১১, ১১-৪, ১১-৯ গেমে। অন্যদিকে, মহিলা সিঙ্গলসে শেষ চারে থেমে ব্রোঞ্জ পেলেন সুতীর্থা ও সিন্ড্রেলা। সেমিফাইনালে সুতীর্থার লড়াই ছিল যশস্বিনীর সঙ্গে। অন্যদিকে, সিন্ড্রেলার প্রতিপক্ষ ছিলেন শ্রীজা। দু’জনেই লড়াই করে হারেন ৩-৪ ব্যবধানে। পরবর্তীতে ফাইনালে শ্রীজাকে ৪-১ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যশস্বিনী। সিঙ্গলসে হারের ধাক্কা ডবলসে কাটিয়েছেন সিন্ড্রেলা। তাও আবার শ্রীজাকে সঙ্গী করেই। ফাইনালে তাঁরা যশস্বিনী-দিব্যাংশী ভৌমিক জুটিকে হারিয়েছেন ১১-৮, ১১-১৩, ১১-৮, ১১-৬ ব্যবধানে। একমাত্র পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া, ভারতের মানব-মনুশ শাহ জুটিকে হারিয়ে।

কমনওয়েলথ টেবিল টেনিসে এবার সবমিলিয়ে সাত সোনার মধ্যে ছ’টিই জিতেছে ভারত। সঙ্গে চারটি রুপো এবং আটটি ব্রোঞ্জ। প্রতিযোগিতায় ভারতের এহেন দাপটে খুশি দলের কোচ সৌরভ চক্রবর্তী। দিল্লি থেকে ফোনে তিনি বলছিলেন, “এই প্রতিযোগিতায় সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশ খেলে। সেখানে প্রায় সব বিভাগেই আমাদের প্যাডলাররা দাপট দেখিয়েছে। বিশেষত সিঙ্গলসের দুই বিভাগে সেমিফাইনাল খেলা আটজনই ভারতীয়। পুরুষ ডাবলস ছাড়া সব বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছিল আমরা। এই ফলাফল আমাদের কাছে আনন্দের। সামনে এশিয়ান গেমস। সেই দলে থাকা অধিকাংশ প্যাডলারই এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করেছে। সেটা এশিয়ান গেমসে ভালো খেলার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে।” প্রতিযোগিতায় সেরা মহিলা প্যাডলার নির্বাচিত হয়েছেন সিন্ড্রেলা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker