ক্রেতাকে ভুল বোঝানো হচ্ছে! মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা, ডাবরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর – সবদিক

১০০ শতাংশ’ বিশুদ্ধ বা প্রাকৃতিক বলে দাবি করে একাধিক খাদ্যপণ্য বিক্রির ক্ষেত্রে ডাবর ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)। সংস্থার অভিযোগ, ‘100 per cent’-এর মতো দাবি আইনবিরোধী, অস্পষ্ট এবং ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে।
সোমবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে FSSAI জানায়, ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নিষেধাজ্ঞামূলক নির্দেশ (Prohibition Order) জারি করা হয়েছে। সংস্থার ওয়েবসাইটে বিক্রি হওয়া একাধিক খাদ্যপণ্যে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছিল।
– বিজ্ঞাপন –
FSSAI-এর নজরে এসেছে, ডাবরের বিভিন্ন পণ্যে ‘100% Natural’, ‘100% Pure’, ‘100% Purity Guaranteed’, ‘100% Organic’ এবং ‘100% Tender Coconut Water’-এর মতো দাবি করা হয়েছে। খাদ্য নিরাপত্তা ও মান সংক্রান্ত FSS (Advertising & Claims) Regulations, 2018 অনুযায়ী, এই ধরনের দাবি যাচাইযোগ্য নয় এবং আইন লঙ্ঘন করে।
যে পণ্যগুলি নিয়ে আপত্তি
FSSAI-এর নির্দেশে যেসব পণ্যের উল্লেখ রয়েছে, সেগুলির মধ্যে রয়েছে—
- মধু (Honey)
- গরুর ঘি (Cow Ghee)
- ভোজ্য তেল (Edible Oils)
- অ্যাপল সাইডার ভিনেগার
- ভার্জিন নারকেল তেল
- তিলের তেল
- নারকেলের জল
- নারকেলের দুধ-সহ একাধিক খাদ্যপণ্য
এছাড়া ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার এবং ডাবর অর্গানিক হানি-তে বৈধ FSSAI অর্গানিক অনুমোদন ছাড়াই ‘জৈব ভারত’ (Jaivik Bharat) লোগো ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছে নিয়ন্ত্রক সংস্থা।
আগেও সতর্ক করা হয়েছিল
FSSAI জানিয়েছে, এর আগেও ডাবরকে এই ধরনের বিভ্রান্তিকর ‘100 per cent’ দাবি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সংস্থার তরফে সন্তোষজনক সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরই এই নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ডাবর ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা FSSAI-এর নোটিস পেয়েছে এবং ওয়েবসাইটে উল্লিখিত বিষয়গুলি খতিয়ে দেখছে।
সম্প্রতি বিভিন্ন খাদ্য ও পানীয় প্রস্তুতকারী সংস্থা এবং ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও দাবির অভিযোগে ধারাবাহিকভাবে পদক্ষেপ করছে FSSAI।



