School Teacher Loses Lakhs in One Click Over Fake Electricity Bill

এক ক্লিকেই উধাও লক্ষাধিক টাকা। বিদ্যুৎ বিলের নামে সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন এক কলেজ শিক্ষিকা। ইতিমধ্যে তিনি বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকার শিক্ষিকা নন্দিনী হালদারের হাবরার বানিপুর মহিলা কলেজের অধ্যাপিকা৷ সম্প্রতি তাঁর ফোন রহস্যজনক একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পিডিএফ পাঠানো হয়েছে, সেটি খুলে দেখতে হবে। সেখানেই যে প্রতারণার ফাঁদ লুকিয়ে রয়েছে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি ওই অধ্যাপিকা। ফোনে আসা ওই পিডিএফ ফাইলটি খুলে ফেলেন তিনি। অভিযোগ, ফাইলটি খোলার সঙ্গে সঙ্গেই মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায়। শুধু তাই নয়, অকেজো হয়ে পড়ে সম্পূর্ণ স্মার্টফোনটি।
ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই শিক্ষিকা। যদিও কিছুক্ষণ পরে তাঁর মেয়ে ফোনটি চালু করতে সক্ষম হলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য! দেখা যায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে দু’দফায় মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। ঘটনার পরই ব্যাঙ্কে ছুটে যান মা ও মেয়ে। সেখানে গিয়ে তাঁরা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন৷ এরপরেই ঘটনায় বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। কোন নম্বর থেকে ওই পিডিএফ পাঠানো হয়েছিল তা ট্র্যাক করার কাজ করা হচ্ছে বলে খবর।
ঘটনার পরেই নন্দিনী দেবীর আবেদন, অপরিচিত নম্বর থেকে আসা কোনও পিডিএফ, লিঙ্ক বা ফাইল যাচাই না করে কখনও খুলবেন না। সামান্য অসতর্কতায় মুহূর্তের মধ্যেই হারিয়ে যেতে পারে কষ্টের সঞ্চয়।
শেয়ার
লিংক



