Sisir Adhikari attended Digha Jagannath cultural centre first time

এক বছর আগে পুরীর আদলে দিঘার জগন্নাথ মন্দির গড়ে তুলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির, ধাম নামকরণ নিয়ে তর্কবিতর্ক কম হয়নি। ছাব্বিশে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর দিঘার সেই ‘জগন্নাথধাম’ তকমা তুলে নতুন নাম হয় জগন্নাথ সাংস্কৃতিক ক্ষেত্রে। আর তারপরই সেখানে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। রবিবার সন্ধ্যা নাগাদ তিনি দিঘার ওই সংস্কৃতি ক্ষেত্রে গিয়ে একেবারে ‘কৃষ্ণনামে’ মজে গেলেন! গলায় মালা, দু’হাত তুলে নেচে রীতিমতো সকলের দৃষ্টি আকর্ষণ করলেন অশীতিপর শিশিরবাবু। বললেন, ‘‘এটা আমাদের পারিবারিক স্টাইল। রাধাকৃষ্ণ কুলদেবতা। সবসময় তাঁকে পুজো করে, আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাই।”
আগামী ১৬ জুলাই রথযাত্রা। ওইদিন দিঘায় জগন্নাথদেবের রথযাত্রার সূচনা করতে মুখ্যমন্ত্রীর বাবাকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস। রবিবারই অভ্যন্তরীণ কারণে ইসকন, কলকাতার ভাইস প্রেসিডেন্টের পদ খুইয়েছেন রাধারমণ দাস। এরপরই তিনি দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে পৌঁছে যান। সোমবার, জগন্নাথদেবের স্নানযাত্রার প্রস্তুতি শুরু করেন। তাঁর কথায়, ‘‘সকল ভক্তদের স্নানযাত্রায় আমন্ত্রণ জানাচ্ছি। সকাল সকাল সবাই এখানে চলে আসুন। আমাদের প্রস্তুতি একেবারে শেষ। আর এমন দিনে আমরা মাননীয় শিশির অধিকারীকে আমাদের মধ্যে পেয়েছি, খুবই আনন্দিত। ওঁকে বলেছি, রথযাত্রার দিন এখানে এসে উদ্বোধন করতে।”
শেয়ার
লিংক



