অন্নপূর্ণার ৩ হাজার টাকা পাননি? আবেদন বাতিলের কারণ জানুন, এবার তথ্য সংশোধনের সুযোগও মিলবে

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষোভ-বিক্ষোভের ঘটনা ঘটেছে। কোথাও বিডিও-কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, কোথাও পুরকর্মী বা আধিকারিকদের ঘেরাও করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে নবান্ন জানিয়েছে, প্রকৃত উপভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার পোর্টালে চালু হতে চলেছে নতুন ‘এডিট’ অপশন, যার মাধ্যমে বাতিল হওয়া আবেদনকারীরা নিজেদের তথ্য সংশোধনের সুযোগ পাবেন।
মঙ্গলবারও একাধিক জেলায় অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত মহিলারা বিক্ষোভে শামিল হন। আবেদন বাতিল হওয়া বা টাকা না মেলায় সরকারি কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকেই। তবে প্রশাসনের দাবি, আবেদন যাচাইয়ের কাজ শেষ হলে এই সমস্যা অনেকটাই মিটে যাবে।
– বিজ্ঞাপন –
নবান্ন সূত্রের দাবি, রাজ্যের আর্থিক পরিস্থিতি চ্যালেঞ্জের হলেও অন্নপূর্ণা যোজনা চালিয়ে যেতে কোনও সমস্যা হবে না। রাজ্যের বাজেটে এই প্রকল্পের জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।
এর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় ২ কোটি ২০ লক্ষ মহিলা মাসে গড়ে দেড় হাজার টাকা করে পেতেন। সরকার জানিয়েছে, তথ্য যাচাইয়ের পর দেখা গিয়েছে, অনেক অযোগ্য আবেদনকারীও সেই সুবিধা পাচ্ছিলেন। সরকারি কর্মী, আয়করদাতা এবং আর্থিকভাবে স্বচ্ছল মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতার বাইরে রাখা হয়েছে। বর্তমানে প্রায় ১ কোটি ৭০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে প্রশাসনের অনুমান।
মুখ্যসচিব মনোজকুমার অগ্রবাল জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার জন্য মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে ১ কোটি ২২ লক্ষ আবেদন অনুমোদিত হয়েছে এবং ২৭ লক্ষের বেশি আবেদন বাতিল করা হয়েছে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাতিল আবেদনগুলির পুনরায় যাচাইয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রশাসনের দাবি, অধিকাংশ আবেদন বাতিল হওয়ার পিছনে মূল কারণ আধার কার্ড ও মোবাইল নম্বর সংক্রান্ত অসঙ্গতি। অনেকের আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই, আবার কারও ক্ষেত্রে আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বর আধারের সঙ্গে মেলে না। একই মোবাইল নম্বর অন্য সরকারি প্রকল্পে ব্যবহৃত হওয়ার কারণেও সমস্যা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার পোর্টালে ‘এডিট’ অপশন চালু করা হচ্ছে। এর ফলে আবেদনকারীরা নিজেদের তথ্য সংশোধন করতে পারবেন। পাশাপাশি, কেন আবেদন বাতিল হয়েছে, সেই কারণও পোর্টালে লগ ইন করে জানা যাবে। প্রশাসনের আশা, এতে বিভ্রান্তি ও বিক্ষোভ অনেকটাই কমবে এবং প্রকৃত যোগ্য আবেদনকারীরা দ্রুত প্রকল্পের সুবিধা পাবেন।
আধারে কতবার বদলানো যাবে নাম, ঠিকানা, জন্মতারিখ ও মোবাইল নম্বর? জানুন UIDAI-এর নিয়ম



