আচমকা হাসপাতালে সোনিয়া গান্ধী! হতে পারে অস্ত্রোপচার

সবদিক নিউজ: গুরুগ্রামের এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী সোনিয়া গান্ধী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে তাঁর একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। যদিও এই অস্ত্রোপচারটি খুব একটা জটিল বা গুরুতর নয় বলেই দাবি করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই অস্ত্রোপচার, সেই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
৭৯ বছর বয়সি সোনিয়া গান্ধী বর্তমানে রাজস্থান থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ। গত কয়েক বছর ধরেই তিনি বারবার বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে গত মার্চ মাসে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা চরমে পৌঁছালে তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এর আগে দু’বার করোনায় আক্রান্ত হওয়ায় পরবর্তী সময়ে তাঁর শরীরে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। গত বছর হিমাচল প্রদেশের শিমলায় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে ছুটি কাটাতে গিয়েও তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। সে সময়ও তাঁকে তড়িঘড়ি স্থানীয় ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
গত ডিসেম্বর মাসে ৭৯ বছরে পদার্পণ করা এই বর্ষীয়ান নেত্রীর শরীর মাঝেমধ্যেই খারাপ হচ্ছে। তবুও অসুস্থতা জয় করে বরাবরই তাঁকে পরিষদীয় রাজনীতিতে যথেষ্ট সক্রিয় থাকতে দেখা গিয়েছে। দীর্ঘ সময় ধরে টানা পাঁচবার লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালনের পর তিনি বর্তমানে সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি। যদিও বর্তমানে দলের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি আগের তুলনায় কিছুটা দূরত্ব বজায় রাখছেন, তবুও রাজনৈতিক মহলের মতে গত দুই দশকে তিনিই কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী ও অবিসংবাদিত নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আপাতত তাঁর অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতার অপেক্ষায় রয়েছেন কংগ্রেস নেতা-কর্মীরা।



