0%

কলকাতায় ব্রাজিল ম্যাচের জন্য এশিয়াডে যাবে না ভারতীয় দল? জল্পনার মাঝেই মুখ খুলল ফেডারেশন

জল্পনা ছিল। সেই জল্পনায় সিলমোহর। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ভারতের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ। আর ম্যানেজার হিসাবে দেখা যাবে রঞ্জিত বাজাজকে। বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মূল প্রশ্ন ছিল, কলকাতায় ব্রাজিল ম্যাচের জন্য এশিয়াডে যাবে না ভারতীয় দল? জল্পনার মাঝেই মুখ খুলল ফেডারশন। পাশাপাশি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে কোন দল খেলবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল এআইএফএফ।

বৃহস্পতিবার নয়াদিল্লির ফুটবল হাউসে মিটিংয়ে ঠিক হয়েছে, ৩ অক্টোবর কলকাতায় ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। একই সঙ্গে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় এশিয়াডের অংশ নেবে ভারত। দু’টি ক্ষেত্রে সূচি মিলে যাওয়ায় প্রশ্ন তৈরি হয়েছিল, ভিনিসিয়াস জুনিয়রদের বিরুদ্ধে ভারতীয় দল কী হবে? এই উত্তর পাওয়া গিয়েছে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে। আলাদা দু’টি দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। কার্যকরী কমিটির মতে, ব্রাজিলের মতো বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেললে ভারতীয় ফুটবলাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ক্ষমতা যাচাই করার সুযোগ পাবেন। তাই ব্রাজিল ম্যাচ এবং এশিয়াড, দুই প্রতিযোগিতাতেই অংশ নেওয়ার কথা ফিফাকে সরকারি ভাবে জানানো হবে। পাশাপাশি ২০২৬-২৭ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। ক্লাবগুলোর নেতৃত্বে নতুন বাণিজ্যিক মডেলে লিগ চালুর কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি, জামশেদপুর এফসিকে তাদের সিদ্ধান্ত নতুন করে ভাবার জন্য ১২ আগস্ট পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারতের অনূর্ধ্ব-১৫ পুরুষ দলের হেডকোচ হিসাবে বিবিয়ানো ফার্নান্ডেজের নাম অনুমোদন করেছে কার্যকরী কমিটি। এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আয়োজন করছে ফিফা। এই প্রতিযোগিতা, যতটা না প্রতিদ্বন্দ্বিতামূলক, তার থেকেও বেশি ফুটবলকে কেন্দ্র করে ফেস্টিভ্যালের চেহারা দিতে চাইছে ফিফা। সেই কারণেই ফিফার অন্তর্ভুক্ত যত দেশ রয়েছে, সবাইকে এই জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়েছে। এই বিশ্বকাপে খেলার জন্য কোনও যোগ্যতানির্ণায়ক ম্যাচ খেলতে হবে না কোনও দেশকেই। সেই কারণেই অক্টোবর মাসে আজারবাইজানে অনুষ্ঠিত এই জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে ভারতীয় দল। সেখানে কোচের দায়িত্ব সামলাবেন বিবিয়ানো। টেকনিক্যাল কমিটির অনেকেই তাঁর পক্ষে রায় দিয়েছেন বলে জানা গিয়েছে।

গোথিয়া কাপ জয়ী মির্নাভা অ্যাকাডেমির ছেলেদের সঙ্গে রঞ্জিত বাজাজ। ছবি সংগৃহীত।

দলের ম্যানেজার হিসাবে দায়িত্ব নেবেন রঞ্জিত বাজাজ। যা ভারতীয় ফুটবলের জন্য অভিনব ব্যাপার। কোনও ক্লাব কর্ণধার এই প্রথম জাতীয় দলের দায়িত্বে। গোথিয়া কাপ, হেলসিঙ্কি কাপ এবং ডানা কাপ জিতে ভারতীয় ফুটবলে ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছেন রঞ্জিত বাজাজ। ম্যাচের আগে জাতীয় পতাকা হাতে নিয়ে ড্রেসিংরুমে ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্য তাঁর ভাষণ রিলের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রঞ্জিত নিজেও দাবি জানিয়েছিলেন, তাঁকে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে জাতীয় দলটিকে কোচিংয়ের একবার দায়িত্ব দেওয়া হলে তিনি চ্যাম্পিয়ন করে দেবেন। কারণ, এর আগে বিশ্বফুটবলের নামী-দামি দেশগুলির ক্লাবদের হারিয়ে জুনিয়র পর্যায়ে মিনার্ভাকে চ্যাম্পিয়ন করে এনেছেন তিনি। সেই সাফল্যের স্বীকৃতি পেলেন তিনি। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker