ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলা! কালবৈশাখীর তাণ্ডবে কাঁপবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

সবদিক নিউজ: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় সোমবারের পর মঙ্গলবারেও রাজ্যজুড়ে দুর্যোগের মেঘ ঘনীভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, মঙ্গকবার রাজ্যের জেলায় জেলায় আছড়ে পড়তে পারে মরশুমের অন্যতম শক্তিশালী কালবৈশাখী ঝড়। গতকাল দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছিল, মঙ্গকবার ঠিক একই ধাঁচে আবহাওয়ার ভোলবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মফস্সল বা গ্রামবাংলা যখন ঝোড়ো হাওয়ার অপেক্ষায়, তখন কলকাতার ভাগ্যাকাশে শুধুই কি মেঘের লুকোচুরি নাকি মিলবে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি, তা নিয়ে তীব্র গরমে চাঁদিফাটা কলকাতাবাসী চাতক পাখির মতো দিন গুনছেন।
আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং বিকেলের দিকে স্থানীয়ভাবে কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে; এর ফলে শহরের কিছু পকেটে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও গরম থেকে পাকাপাকি রেহাই মিলছে না, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে এবং থমথমে বাতাস আর মাত্রাতিরিক্ত আর্দ্রতার কারণে দিনভর চরম ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত দুই ভাগে বিভক্ত থাকবে—একদিকের জেলাগুলো যখন কালবৈশাখীর দাপটে কাঁপবে, অন্যদিকের জেলাগুলোতে তখন বজায় থাকবে তীব্র গরম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এবং বিকেল বা সন্ধ্যার দিকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, যেমন দুই ২৪ পরগনা বা হাওড়া-হুগলিতে, এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও পশ্চিমাঞ্চলের পাঁচ জেলা—বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি নামার আগে পর্যন্ত এখানকার বাসিন্দাদের চরম অস্বস্তিকর গরম সহ্য করতে হবে।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া অনেক বেশি আগ্রাসী রূপ নিতে চলেছে এবং পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের নির্দিষ্ট কিছু এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদা ও দুই দিনাজপুরে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়া পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণ—গোটা রাজ্য জুড়েই এক অস্থির আবহাওয়া বজায় থাকবে।



