0%

ঝাড়খণ্ডে করদাতাদের তালিকার শীর্ষে ধোনি

সবদিক নিউজ: মাঠের অধিনায়কত্বে তিনি আগেই কিংবদন্তি। এবার করদাতা হিসাবেও নজর কাড়লেন মহেন্দ্র সিং ধোনি। আয়কর দফতরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে বিহার ও ঝাড়খণ্ড মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত করদাতা হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান বিহার-ঝাড়খণ্ডের প্রধান মুখ্য আয়কর কমিশনার ডি সুধাকারা রাও। তাঁর বক্তব্য, গত অর্থবর্ষে দুই রাজ্য মিলিয়ে মোট প্রায় ২০ হাজার কোটি টাকা আয়কর সংগ্রহ হয়েছে। এর মধ্যে শুধু ঝাড়খণ্ড থেকেই এসেছে প্রায় ১২ হাজার কোটি টাকা। ব্যক্তিগত করদাতাদের তালিকায় সবার উপরে রয়েছেন ধোনি। যদিও তাঁর মোট করের অঙ্ক প্রকাশ করা হয়নি।

কর্পোরেট সংস্থাগুলির মধ্যে সবচেয়ে বেশি কর দিয়েছে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড, ভারত কোকিং কোল লিমিটেড এবং সিএমপিডিআই। আয়কর দফতরের মতে, গত বছর ভারী বৃষ্টির কারণে খনি শিল্পে কিছুটা প্রভাব পড়েছিল, যার সরাসরি প্রভাব পড়ে কর সংগ্রহেও। তবে চলতি অর্থবর্ষে আয়কর আদায় ২০ হাজার কোটির সীমা ছাড়িয়ে যাবে বলেই আশা প্রকাশ করেছেন ডি সুধাকারা রাও। তিনি আরও জানান, বিহার ও ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ প্যান কার্ডধারী হলেও মাত্র ৪০ লক্ষ মানুষ আয়কর রিটার্ন জমা দেন। ফলে করদাতার সংখ্যা বাড়ানো এবং সচেতনতা তৈরির দিকেও গুরুত্ব দিচ্ছে আয়কর দফতর।

নতুন আয়কর আইন ২০২৫ নিয়েও ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে এই আইন, যা দীর্ঘ ছয় দশকের পুরনো ১৯৬১ সালের আয়কর আইনের পরিবর্তে চালু হবে। এই বিষয়ে বিহার ও ঝাড়খণ্ডের আয়কর আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন ডি সুধাকারা রাও। বৈঠকে শতাধিক আধিকারিক অংশ নেন।

সুধাকরের মতে, নতুন আয়কর আইন সাধারণ মানুষের জন্য আরও সহজ ও স্বচ্ছ হবে। সহজ ভাষা, সুসংগঠিত কাঠামো এবং ব্যবহারবান্ধব উপস্থাপনার মাধ্যমে কর সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে। যদিও মূল করনীতিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না বলেও স্পষ্ট করেছেন তিনি। এছাড়া নতুন কর আইন সম্পর্কে ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিহার ও ঝাড়খণ্ডে একাধিক প্রচার কর্মসূচির আয়োজন করবে আয়কর দফতর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker