0%

স্পিনে হিমশিম টিম ইন্ডিয়া! দুর্বলতা ঘোচাতে বাংলার প্রাক্তন কোচকে ‘গুরু’দায়িত্ব দিচ্ছেন গম্ভীর

টি-টোয়েন্টিতে বিশ্বজয়ী। ওয়ানডেতেও আগুনে ফর্মে। কিন্তু টেস্টে ভারতের অবস্থা বেশ খারাপ। ঘরের মাটিতেই বারবার হারের মুখে পড়েছে গৌতম গম্ভীরের দল। ভারতের (Team India) স্পিন বিভাগ নিয়েও অনেক প্রশ্ন উঠছে। এবার সেই সমস্যা মেটাতে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ করছে ভারতীয় বোর্ড। বাংলার প্রাক্তন কোচ সাইরাজ বাহুতুলেকে এই দায়িত্ব দিতে চলেছে ম্যানেজমেন্ট। যিনি বর্তমানে পাঞ্জাব কিংসের বোলিং কোচ।

বোর্ডের এক সূত্র বলছেন, “আগামী দু’বছরের জন্য বাহুতুলেকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হচ্ছে। ভারতের স্পিনারদের পথ দেখানোর জন্য একজন অভিজ্ঞ স্পিন বোলিং কোচ দরকার। বোর্ডের কর্তারা ও গৌতম গম্ভীর বাহুতুলের সঙ্গে কথা বলেছেন।” জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট থেকেই কাজ শুরু করে দেবেন বাহুতুলে।

৫৩ বছর বয়সি বাহুতুলে দু’টি টেস্ট ও আটটি ওয়ানডে খেলেছেন। মোট পাঁচটি উইকেট পেয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটারের পারফরম্যান্স ঈর্ষণীয়। ১৮৮টি ম্যাচে পেয়েছেন ৬৩০টি উইকেট। পাশাপাশি ৬১৭৩ রানও করেছেন। ২০১৫ সালে বাহুতুলেকে বাংলার কোচ করা হয়। এছাড়া কেরলের ক্রিকেট দলেও কোচিং করিয়েছেন। এর আগেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন বাহুতুলে। ২০২২-২৩ সালে রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন অস্ট্রেলিয়া সিরিজের সময় স্পিন পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।

এছাড়া বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও কোচিং করিয়েছেন। রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ। ঘটনাচক্রে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার ভারতের টি-টোয়েন্টি দলে কামব্যাক করছেন। আর তাঁর দলেরই কোচ পাবেন স্পিন বোলিং কোচের দায়িত্ব।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker