0%

“মেসিকাণ্ডের ফাইল তলব করেছি!”, দায়িত্ব নিয়েই তদন্তের ইঙ্গিত ক্রীড়ামন্ত্রী নিশীথের

সবদিক নিউজ: গত বছর ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে কেন্দ্র করে যে লঙ্কাকাণ্ড ঘটেছিল, তার রেশ এখনও কাটেনি। সেই ঘটনায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরাসরি গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ক্রীড়াপ্রেমীরা। এবার রাজ্যে পালাবদলের পর সেই ‘মেসিকাণ্ড’ নিয়েই বড়সড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নিশীথ প্রামাণিক।

তদন্তের মুখে প্রাক্তন মন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকেই নিশীথ প্রামাণিক কড়া সুরে জানান, “মেসিকাণ্ডের সময় যা হয়েছিল, তা অত্যন্ত নিন্দনীয়। আমি ইতিমধ্যেই সেই সংক্রান্ত ফাইল চেয়ে পাঠিয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলব। যদি কোনও আর্থিক দুর্নীতি বা স্বজনপোষণের প্রমাণ মেলে, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

টিকিটের টাকা কি ফেরত মিলবে?

সেদিন দামি টিকিট কেটেও যারা মেসিকে দেখতে না পেয়ে হতাশ হয়েছিলেন, তাঁদের টাকা ফেরত পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। এই প্রসঙ্গে নিশীথ জানান, “টাকা ফেরতের বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। আমাদের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে হবে। তবে আশ্বাস দিচ্ছি, মেসিকে না দেখতে পাওয়ার দুঃখ মেটাতে ভবিষ্যতে আমরা আরও বড় ফুটবল ইভেন্টের আয়োজন করব।”

তৃণমূলের বিরুদ্ধে বঞ্চনার তোপ

নিশীথ প্রামাণিকের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বাংলার ক্রীড়াব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। তিনি হেপ্টাথলিট স্বপ্না বর্মণের উদাহরণ টেনে বলেন, “স্বপ্নার মতো প্রতিভাকেও কেন মধ্যপ্রদেশে চলে যেতে হল? কারণ তৃণমূল সরকার শুধু দুর্নীতি আর স্বজনপোষণ করেছে। সাই (SAI)-এর পরিকাঠামো ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি আমাদের অ্যাথলিটদের।”

আগামী লক্ষ্য: অলিম্পিক

নতুন সরকারের লক্ষ্য হিসেবে নিশীথ জানান, রাজ্যের প্রতিটি ব্লক থেকে প্রতিভা খুঁজে আনা হবে। উদীয়মান ক্রীড়াবিদদের জন্য আধুনিক কোচ ও প্রযুক্তির ব্যবস্থা করবে বিজেপি সরকার। তাঁর লক্ষ্য, আগামী অলিম্পিক্সে যাতে পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি সংখ্যক প্রতিযোগী দেশের প্রতিনিধিত্ব করতে পারেন। তবে তৃণমূল আমলের ভালো প্রকল্পগুলি বন্ধ হবে না বলেও এদিন স্পষ্ট করে দেন ক্রীড়ামন্ত্রী।

মেসিকাণ্ডের তদন্ত শুরু হলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অস্বস্তি যে আরও বাড়বে, তা নিশীথ প্রামাণিকের এদিনের কথা থেকেই পরিষ্কার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker