Rohit Sharma: সৌরভ, দ্রাবিড়দের টপকে গেলেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগেই ঢুকবেন শচীন-কোহলির ক্লাবে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে ভারতীয় দলকে (Indian Cricket Team) স্বস্তি দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। গত বছর অস্ট্রেলিয়া সফর এবং ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে এবং আফগানদের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে দলকে ভরসা দিতে ব্যর্থ হয়েছিলেন হিটম্যান।
কিন্তু সিরিজের শেষ ওডিআই ম্যাচে মাঠে নেমে ব্যাট হাতে সেই চিরপরিচিত ছন্দে দেখা গেল রোহিতকে। এর আগে সিরিজে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হচ্ছিলেন। আজ শতরান করে যশস্বী জয়সওয়াল পাদপ্রদীপের আলো কেড়ে নিলেও রোহিতের ৬৯ বলে ৭৯ রানের ইনিংসটি ভরসা দিয়েছে ভক্তদের।

এদিন ব্যাট হাতে ৯ টি চার ও ৩ টি ছক্কাও মারেন রোহিত শর্মা। আউট হওয়ার পর তার মুখে ছিল হতাশার ছাপ। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অবশ্য এই দৃশ্য দেখে খুশি। এই বয়সে এসেও হিটম্যানের রানের ক্ষিদে অক্ষুণ্ন রয়েছে দেখে স্বস্তিতে ভক্তরা। এদিন নিজের ৬২ তম অর্ধশতরান পেয়েছেন রোহিত। আর ওডিআই কেরিয়ারে মোট ৯৫ বার পঞ্চাশ রানের গণ্ডি পেরোনোর নজির গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি এই তালিকায় টপকে গিয়েছেন দুই প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়কে।
আরও পড়ুন: ভারতীয় দলের হয়ে পুরোনো রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল! বিশ্বকাপের দলে রাখবে BCCI? উঠছে প্রশ্ন
আসুন এক নজরে দেখে নেওয়া যাক ওডিআই ক্রিকেটে ভারতের জার্সিতে সর্বাধিক ৫০ রান বা তার বেশি স্কোরের নজির গড়েছেন কারা……
১. শচীন টেন্ডুলকার (৪৫২ ম্যাচে ১৪৫ বার)
২. বিরাট কোহলি (২৯৯ ম্যাচে ১৩১ বার)
৩. রোহিত শর্মা (২৭৭ ম্যাচে ৯৫ বার)
৪. রাহুল দ্রাবিড় (৩১৪ ম্যাচে ৯৪ বার)
৫. সৌরভ গঙ্গোপাধ্যায় (২৯৭ ম্যাচে ৯৩ বার)




