0%

টিকিট ছাড়া ট্রেনে উঠলেই ৫০০ টাকা জরিমানা, ভিক্ষা করলে কত জানেন! – সবদিক

নয়াদিল্লি: রেলের নিয়ম ভাঙলেই এবার আরও বেশি জরিমানা গুনতে হবে যাত্রীদের। টিকিট ছাড়া ট্রেনে যাত্রা থেকে শুরু করে ধূমপান, সংরক্ষিত কামরায় বেআইনি প্রবেশ বা ট্রেনে অসভ্য আচরণ— একাধিক ক্ষেত্রে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে ভারতীয় রেল। শুক্রবার রাতে নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শনিবার থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে এই নিয়ম।

রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, টিকিট ছাড়া ট্রেনে যাত্রা করতে গিয়ে ধরা পড়লে এখন থেকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। এতদিন এই জরিমানার পরিমাণ ছিল ২৫০ টাকা। ২০২৬ সালের জন বিশ্বাস (সংশোধনী) আইন অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে।

– বিজ্ঞাপন –

শুধু টিকিটবিহীন যাত্রাই নয়, অন্যের টিকিট ব্যবহার করলেও কড়া পদক্ষেপ করা হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট টিকিট বাজেয়াপ্ত করা হবে এবং অন্তত ৫০০ টাকা অতিরিক্ত জরিমানা দিতে হবে।

রেলের নির্দেশিকায় বলা হয়েছে, অনুমতি ছাড়া ট্রেন বা স্টেশনে পণ্য বিক্রি করা কিংবা ভিক্ষাবৃত্তি করলে ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে ট্রেনে মত্ত অবস্থায় যাত্রা করা, অশান্তি সৃষ্টি করা, থুতু ফেলা বা অন্য যাত্রীদের বিরক্ত করলে ১,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

একই অপরাধ বারবার করলে শাস্তি আরও কঠোর হবে। পুনরাবৃত্তির ক্ষেত্রে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া যাত্রী এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। ট্রেন বা স্টেশন চত্বরে ধূমপান করলে দিতে হবে ২,০০০ টাকা জরিমানা।

বিজ্ঞাপন

মহিলা সংরক্ষিত কামরা বা সংরক্ষিত আসনে বেআইনি ভাবে প্রবেশ করলে পুরুষ যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে জরিমানার পরিমাণ ২,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

এছাড়া বিস্ফোরক, বিপজ্জনক বা আপত্তিকর সামগ্রী নিয়ে ট্রেনে যাত্রা করলে ন্যূনতম ১০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। গুরুতর ক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

ভারতীয় রেলের তরফে যাত্রীদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, নতুন নিয়ম মেনে চলার মাধ্যমে নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ রেলযাত্রা নিশ্চিত করতে সবাই যেন সহযোগিতা করেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker